‘লোকে কত কথাই বলে’, নাম না করে আগরকরকে নিশানা শামির, জাতীয় দলে ফেরার দাবিও জোরে বোলারের

নাম না করে আগরকরকে নিশানা শামির! রঞ্জি ট্রফির প্রথম দিনেই বল হাতে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন মহম্মদ শামি। দিল্লির বিরুদ্ধে চার উইকেট নিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, এখনও কতটা কার্যকর হতে…

October 12, 2026
1 min read

নাম না করে আগরকরকে নিশানা শামির!

রঞ্জি ট্রফির প্রথম দিনেই বল হাতে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন মহম্মদ শামি। দিল্লির বিরুদ্ধে চার উইকেট নিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, এখনও কতটা কার্যকর হতে পারেন ভারতীয় দলের এই অভিজ্ঞ পেসার। একই সঙ্গে ফিটনেস নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিয়েছেন শামি। নাম না করে প্রাক্তন প্রধান নির্বাচক অজিত আগরকরকে নিশানা করে তাঁর মন্তব্য, লোকে অনেক কথাই বলে। তবে সে সব নিয়ে আর মাথা ঘামাতে চান না তিনি।

ফিটনেস নিয়ে জল্পনায় বিরক্ত শামি

আগরকর প্রধান নির্বাচক থাকাকালীন শামির জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে বার বার ফিটনেসের প্রসঙ্গ উঠেছিল। বয়স ও চোটের কারণে তাঁর ফিটনেস নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছিল। এ বার মাঠে নেমে পারফরম্যান্সের মাধ্যমেই জবাব দিতে চাইছেন শামি।

তিনি বলেন, “লোকে যেমন খুশি মন্তব্য করতে ভালবাসে। ওরা বলে আমি ছন্দে নেই, ফিট নই বা অন্য কিছু। এতে আমি একটুও চিন্তিত নই। আমি মাঠে নেমে সুযোগ পেলেই খেলে দিচ্ছি। বাকিটা আপনাদের কাজ।”

তবে নির্বাচকদের নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি তিনি। শামির কথায়, “আমি এ সব কথা বলা বন্ধ করে দিয়েছি। আমার কাছে আর এগুলোর কোনও অর্থ নেই। এখন যে যা খুশি করতে পারে। করুক। আমার কাজ শুধু খেলা।”

ভুবনেশ্বর ফিরলে শামি কেন নন?

সম্প্রতি চার বছর পর জাতীয় দলে ফিরেছেন ভুবনেশ্বর কুমার। তাঁর প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে শামি বুঝিয়ে দিয়েছেন, নিজের ক্ষেত্রেও একই রকম সুযোগ পাওয়ার আশা করেন তিনি। তাঁর মতে, ধারাবাহিক পারফরম্যান্স এবং কঠোর পরিশ্রমের মূল্য দেওয়া উচিত নির্বাচকদের।

শামি বলেন, “একজন মানুষ আশায় বেঁচে থাকে। ভুবনেশ্বরের দক্ষতার দিকে তাকান। এমন নয় যে ও কারও সঙ্গে কথা বলত না। তাই বলে দিনের পর দিন প্রতিভাকে বাইরে বসিয়ে রাখা যায় না। এত দিন পর সুযোগ পাওয়ায় আমি খুশি। আইপিএলে ধারাবাহিক ভাবে ভাল খেলেছে। কেউ কঠোর পরিশ্রম করে দক্ষতার প্রমাণ দিলে, তাঁর প্রতিভা থাকলে কেন খেলবে না? সকলের পারফর্ম করার অধিকার রয়েছে।”

কল্যাণীর পিচ নিয়েও ক্ষোভ

দিল্লিকে ২৩০ রানে অলআউট করলেও কল্যাণী স্টেডিয়ামের পিচ নিয়ে সন্তুষ্ট নন শামি। তাঁর মতে, উইকেট ছিল মন্থর। অথচ বাংলার বোলিং বিভাগের শক্তির কথা মাথায় রেখে পেসারদের সাহায্য করবে, এমন পিচ পাওয়া উচিত ছিল।

শামির বক্তব্য, “পিচ দেখে ভাল মনে হয়নি। উইকেট বেশ মন্থর ছিল। আমরা আগেই দেখে আরও বেশি বোলার-সহায়ক পিচ চেয়েছিলাম।”

আকাশ দীপ ও মুকেশ কুমারের বোলিংয়ের প্রশংসা করে তিনি বলেন, ভারতের আর কোনও দলের কাছে এত ভাল জোরে বোলার নেই। তবে সবুজে ঢাকা পিচের দাবি করেননি বলেও স্পষ্ট করেছেন শামি। তাঁর বক্তব্য, পেসারদের জন্য উইকেটে সামান্য সাহায্য থাকা উচিত ছিল। এ নিয়ে বহু বার দাবি জানালেও ভবিষ্যতে আর পিচ নিয়ে কথা বলবেন না বলেই জানিয়েছেন তিনি।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow
Explore More on These Topics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *