‘বিগ বস্ ২০’-তে আম্রপালীর শারীরিক গঠন নিয়ে কটাক্ষের অভিযোগ!
‘বিগ বস্ ২০’-কে ঘিরে ফের বিতর্ক। এ বার অভিনেত্রী আম্রপালী দুবের শারীরিক গঠন নিয়ে কটাক্ষ করার অভিযোগ উঠেছে প্রতিযোগী মাহী বিজ ও কুশল তনওয়ার ওরফে গুল্লুর বিরুদ্ধে। দিদির পাশে দাঁড়িয়ে সমাজমাধ্যমে সরব হয়েছেন তাঁর বোন আঁচল দুবে। তাঁর প্রশ্ন, কারও শরীর বা ওজন নিয়ে ঠাট্টা করার অধিকার অন্য কেউ পায় কী ভাবে?
মাহী বিজ ও গুল্লুর নাম উল্লেখ করে আঁচল সমাজমাধ্যমে লেখেন, “মাহী বিজ এবং গুল্লুর পক্ষে আমার বোন আম্রপালীর শরীর নিয়ে কটাক্ষ করা এবং তার পরেও পার পেয়ে যাওয়া এত সহজ কেন?” তাঁর মতে, কারও শারীরিক গঠন নিয়ে উপহাস করা কখনওই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে, কোনও শিল্পী যখন নিজের প্রতিভা ও অভিনয়ের জোরে পরিচিতি অর্জন করেছেন, তখন তাঁর চেহারা নিয়ে মন্তব্য করা অনুচিত।
‘প্রতিভাই আম্রপালীর পরিচয়’
বোনের সাফল্যের কথা তুলে ধরে আঁচল জানান, আম্রপালীর শারীরিক গঠন বা ওজন যা-ই হোক, নিজের কাজের মাধ্যমে তিনি বিনোদনজগতে জায়গা করে নিয়েছেন। তাঁর অভিনয় ও প্রতিভাই দর্শকের কাছে তাঁর পরিচয় তৈরি করেছে।
আঁচলের বক্তব্য, প্রতিযোগিতার মঞ্চে মতবিরোধ বা ঝগড়া হতেই পারে। কিন্তু তার জন্য ব্যক্তিগত আক্রমণ কিংবা শারীরিক গঠন নিয়ে কটাক্ষ করা উচিত নয়। আম্রপালীর কাজ যে কোনও ব্যক্তিগত আঘাতের চেয়ে অনেক বেশি জোরালো বলেও মন্তব্য করেছেন তিনি। বোনের সাফল্য নিয়ে গোটা পরিবার গর্বিত, জানিয়েছেন আঁচল।
সম্প্রতি এক ঝগড়ার সময় গুল্লুকে আম্রপালীকে উদ্দেশ করে বলতে শোনা যায়, “দু’মিনিট হাঁটলেই ক্লান্ত হয়ে পড়ে।” এই মন্তব্য তাঁর শারীরিক সক্ষমতা নিয়ে কটাক্ষ বলেই অভিযোগ উঠেছে। এর আগেও গত সেপ্টেম্বরের ‘উইকেন্ড কা ওয়ার’ পর্বে আম্রপালীকে একাধিক বার শরীর নিয়ে বিদ্রূপের মুখে পড়তে হয়েছিল বলে দাবি করা হয়েছে।
শরীর নিয়ে কটাক্ষের বিরুদ্ধে আগেই মুখ খুলেছিলেন সলমন
উল্লেখযোগ্য ভাবে, ‘বিগ বস্’-এরই একটি সপ্তাহান্তের পর্বে সঞ্চালক সলমন খান শরীর, চেহারা ও বয়স নিয়ে তারকাদের কটাক্ষ করার প্রবণতার সমালোচনা করেছিলেন। কারও শারীরিক গঠন নিয়ে হাসাহাসি করা উচিত নয় বলেও মন্তব্য করেছিলেন তিনি।
কিন্তু তার পরেও অনুষ্ঠানের প্রতিযোগীদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ ওঠায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আম্রপালীকে নিয়ে ওঠা অভিযোগের প্রেক্ষিতে তাঁর বোনের প্রতিবাদ ফের সামনে এনেছে রিয়্যালিটি শোয়ের প্রতিযোগিতায় ব্যক্তিগত মর্যাদা বজায় রাখার প্রশ্ন।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।