সিরিজ় জিতেও স্বস্তি নেই শুভমনের!
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক দিনের সিরিজ় ২-১ জিতেছে ভারত। প্রথম দুই ম্যাচে জয় এলেও শেষ ম্যাচে ৩৫১ রান করেও হারতে হয়েছে। সিরিজ়ের সেরা ক্রিকেটার হয়েছেন অধিনায়ক শুভমন গিল। কিন্তু ব্যক্তিগত সাফল্য বা সিরিজ় জয়—কোনও কিছুতেই পুরোপুরি সন্তুষ্ট নন তিনি। বরং সিরিজ় শেষে দলের তিনটি বড় দুর্বলতার কথা নিজেই সামনে আনলেন শুভমন।
ভারত অধিনায়ক জানিয়েছেন, বেশ কিছু জায়গায় দল ভাল করেছে। তবে আরও উন্নতির প্রয়োজন রয়েছে। তাঁর কথায়, “অনেকগুলো জায়গা ঠিক আছে। কিন্তু এখনও কয়েকটা জায়গায় উন্নতির সুযোগ রয়েছে। সেগুলো দ্রুত ঠিক করতে হবে।”
কোথায় সমস্যা হচ্ছে, সেটাও স্পষ্ট করে দিয়েছেন শুভমন। তাঁর মতে, সবচেয়ে বেশি চিন্তার জায়গা ফিল্ডিং। একের পর এক ক্যাচ হাতছাড়া হয়েছে এই সিরিজ়ে। পাশাপাশি ডেথ ওভারে বোলিং নিয়েও সন্তুষ্ট নন তিনি। ব্যাটিংয়ে কখন আক্রমণাত্মক হতে হবে আর কখন পরিস্থিতি অনুযায়ী রক্ষণাত্মক খেলতে হবে, সেই সিদ্ধান্তের ক্ষেত্রেও আরও ধারাবাহিকতা চান ভারত অধিনায়ক।
শুভমন বলেন, “সবচেয়ে খারাপ অবস্থা ফিল্ডিংয়ের। প্রচুর ক্যাচ ছেড়েছি। ফিল্ডিং ভাল করতেই হবে। ডেথ বোলিংও ঠিক ভাবে হচ্ছে না। সেখানে উন্নতি করতে হবে। ব্যাটিংয়ের সময় আক্রমণ করব, না রক্ষণাত্মক খেলব, সেটাও অনেক সময় বুঝতে পারছি না। এই জায়গাগুলো ভাল করতে হবে।”
তৃতীয় ম্যাচে ৩৫১ রান করেও ভারত কেন হারল, তার ব্যাখ্যাও দিয়েছেন শুভমন। তাঁর ধারণা ছিল, এত বড় রান করার পরে ম্যাচ জেতা সম্ভব হবে। কিন্তু ধীর গতির বোলিং এবং শিশির পরিস্থিতি বদলে দেয়।
ভারত অধিনায়ক বলেন, “আমরা অনেক রান করেছিলাম। ভেবেছিলাম, জিততে সমস্যা হবে না। কিন্তু মন্থর বোলিংয়ের জন্য শেষ দিকে অতিরিক্ত ফিল্ডার ৩০ গজের বৃত্তের ভিতরে রাখতে হল। পাশাপাশি শিশির পড়ায় বোলারদের কাজও কঠিন হয়ে গেল।”
মাঝের ওভারে কুলদীপ যাদব ভাল বল করছিলেন। কিন্তু শেষ দিকে তাঁকে আবার বোলিংয়ে আনার সিদ্ধান্তও প্রত্যাশামতো কাজে আসেনি। শুভমন জানিয়েছেন, গুরনুর ব্রার চোট পাওয়ায় পরিস্থিতি সামলাতে তাঁকে ওই সিদ্ধান্ত নিতে হয়েছিল।
তাঁর কথায়, “আমরা বুঝতে পারছিলাম না গুরনুর ফিরতে পারবে কি না। কুলদীপ উইকেট নিয়েছিল। তাই ওর কয়েক ওভার শেষের জন্য রেখে দিয়েছিলাম। কিন্তু সেটা কাজে লাগল না।”
সিরিজ় জয় সত্ত্বেও তাই ভারতীয় দলের সামনে কাজের তালিকা বেশ লম্বা। বিশ্বকাপের প্রস্তুতিতে ফিল্ডিং, ডেথ বোলিং এবং পরিস্থিতি অনুযায়ী ব্যাটিংয়ের সিদ্ধান্ত—এই তিন জায়গাতেই দ্রুত উন্নতি করতে চান শুভমন।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।