বৈভবের পরীক্ষা নিতে তৈরি নিউ জ়িল্যান্ড!
আগ্রাসী ব্যাটিংয়ের জন্য অল্প বয়সেই ক্রিকেটবিশ্বের নজর কেড়েছেন বৈভব সূর্যবংশী। আইপিএল এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের পর ভারতীয় দলের দরজাও খুলেছে ১৫ বছরের এই ব্যাটারের জন্য। দেশের হয়ে ইতিমধ্যেই পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এ বার তাঁর সামনে নতুন পরীক্ষা নিউ জ়িল্যান্ডের মাটিতে।
এশিয়ান গেমসের পর নিউ জ়িল্যান্ড সফরে যাবে ভারত। আগামী ২২ অক্টোবর শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়। তার এক মাস আগেই বৈভবকে নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে রাখলেন নিউ জ়িল্যান্ডের কোচ রব ওয়াল্টার। ভারতীয় ব্যাটারের দক্ষতা দ্রুতগতির এবং বাউন্সি পিচে কতটা কার্যকর হয়, সেটাই দেখতে চান তিনি।
এক সাক্ষাৎকারে ওয়াল্টার জানিয়েছেন, আইপিএলে বিশ্বের সেরা বোলারদের বিরুদ্ধে বৈভবের সাফল্য তিনি দেখেছেন। কিন্তু নিউ জ়িল্যান্ডের পরিস্থিতি তাঁর কাছে আলাদা পরীক্ষা হতে পারে। কিউয়ি কোচের মতে, দেশের পরিচিত পরিবেশের বাইরে গিয়ে বৈভব কী ভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেন, সেটাই দেখার বিষয়।
ওয়াল্টারের কথায়, বৈভব দুর্দান্ত ব্যাটার এবং আইপিএলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তবে নিউ জ়িল্যান্ডের দ্রুত ও বাউন্সি উইকেটে ব্যাট করতে তাঁকে কিছুটা মানিয়ে নিতে হতে পারে। একই সঙ্গে কিউয়ি বোলারদের সামলানোও সহজ হবে না বলে মনে করছেন তিনি। কোচ হিসাবে চাপের পরিস্থিতিতে বৈভবের ব্যাটিং দেখতে তিনি আগ্রহী।
তবে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে বৈভব আদৌ প্রথম একাদশে সুযোগ পাবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ়েও তাঁকে কোনও ম্যাচে খেলাননি ভারতের কোচ গৌতম গম্ভীর। গম্ভীর স্পষ্ট জানিয়েছেন, আপাতত বৈভবকে অপেক্ষা করতে হবে।
বিষয়টি জানেন ওয়াল্টারও। তাই তাঁর বক্তব্যে কোনও নিশ্চয়তা নেই। তিনি জানিয়েছেন, ভারতীয় দলে একাধিক মানসম্পন্ন ক্রিকেটার থাকায় বৈভবকে খেলানো হবে কি না, তা তিনি জানেন না। তবে সুযোগ পেলে নিউ জ়িল্যান্ডের পিচ ও পরিবেশে তাঁর ব্যাটিং দেখার আগ্রহ রয়েছে কিউয়ি কোচের।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ থাকায় বৈভবের সুযোগ পাওয়ার সম্ভাবনা অবশ্য থাকছেই। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়ে তাঁকে দু’টি ম্যাচ খেলিয়েছিলেন গম্ভীর। দলের নিয়মিত ক্রিকেটারদের ধকল কমাতে এ বারও এক-দু’টি ম্যাচে তরুণ ব্যাটারকে সুযোগ দেওয়া হতে পারে।
সুযোগ এলে নিউ জ়িল্যান্ড সফর বৈভবের জন্য শুধু আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি ম্যাচ খেলার অভিজ্ঞতা নয়, অচেনা পরিবেশে নিজের ব্যাটিং দক্ষতা প্রমাণেরও পরীক্ষা হয়ে উঠতে পারে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।