ওয়াইকো বনাম প্যাক্স সিলিকা!
কৃত্রিম মেধা (AI) প্রযুক্তিকে ঘিরে বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে বড় পদক্ষেপ নিল চিন। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে ২৯টি দেশকে নিয়ে গঠিত হয়েছে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশন (WAICO)। বিশ্লেষকদের মতে, এই নতুন জোটের লক্ষ্য শুধু প্রযুক্তিগত সহযোগিতা নয়, বরং মার্কিন নেতৃত্বাধীন Pax Silica-র বিকল্প শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা।
সাংহাইয়ে আয়োজিত আন্তর্জাতিক এআই সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ওয়াইকোর সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসও। উদ্বোধনী ভাষণে শি বলেন, কৃত্রিম মেধা কোনও এক দেশের নিয়ন্ত্রণে থাকা উচিত নয়। বরং এই প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহার আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতেই এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন।
চিনের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে, তারা এআই প্রযুক্তির ক্ষেত্রে মার্কিন প্রভাব কমাতে চায়। বেজিংয়ের অভিযোগ, জাতীয় নিরাপত্তার অজুহাতে যুক্তরাষ্ট্র উন্নত এআই প্রযুক্তি ও সংশ্লিষ্ট অবকাঠামো অনেক দেশের নাগালের বাইরে রাখছে। সেই প্রেক্ষিতেই ওপেন-সোর্স প্রযুক্তির ব্যবহার এবং উন্নয়নশীল দেশগুলির অংশগ্রহণ বাড়ানোর ডাক দিয়েছে ওয়াইকো।
বর্তমানে এই জোটে রাশিয়া, পাকিস্তান, ব্রাজিল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল-সহ ২৯টি দেশ রয়েছে। ভবিষ্যতে আফ্রিকা, এশিয়া এবং লাতিন আমেরিকার আরও বহু দেশকে এই সংগঠনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।
বিশ্লেষকদের মতে, ওয়াইকো গঠনের পিছনে কূটনৈতিক এবং অর্থনৈতিক— দুই ধরনের উদ্দেশ্য রয়েছে। আগামী দিনে আন্তর্জাতিক স্তরে এআই সংক্রান্ত নীতিমালা ও নিয়ম তৈরির ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে চাইছে বেজিং। পাশাপাশি সেমিকন্ডাক্টর, ডেটা সেন্টার, বিরল খনিজ এবং এআই সরবরাহ শৃঙ্খলের উপর নিজেদের অবস্থান আরও শক্তিশালী করাও তাদের অন্যতম লক্ষ্য।
যদিও কৃত্রিম মেধা গবেষণা, উচ্চক্ষমতাসম্পন্ন চিপ এবং উন্নত এআই অবকাঠামোর দিক থেকে এখনও যুক্তরাষ্ট্র এগিয়ে রয়েছে। তবে কম খরচে প্রতিযোগিতামূলক এআই মডেল তৈরি করে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে চিনের সংস্থাগুলি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। ফলে প্রযুক্তি দুনিয়ায় দুই পরাশক্তির প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হচ্ছে।
অন্যদিকে, ২০২৫ সালের শেষে যুক্তরাষ্ট্র Pax Silica গঠনের ঘোষণা দেয়। ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া, জাপান, ইজ়রায়েল, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহি, গ্রিস এবং কাতার এই জোটের সদস্য। লক্ষ্য হল নিরাপদ ও নির্ভরযোগ্য সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খল তৈরি করা এবং কৃত্রিম মেধা প্রযুক্তিতে অংশীদার দেশগুলির সহযোগিতা বাড়ানো।
বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে এআই প্রযুক্তিকে ঘিরে বিশ্ব আরও স্পষ্টভাবে দুই শিবিরে ভাগ হয়ে যেতে পারে। একদিকে থাকবে মার্কিন নেতৃত্বাধীন Pax Silica, অন্যদিকে চিনের WAICO। কোন জোট প্রযুক্তিগত উদ্ভাবন, বৈশ্বিক সহযোগিতা এবং আন্তর্জাতিক নীতিনির্ধারণে বেশি প্রভাব ফেলতে পারে, সেটাই এখন নজরে বিশ্ব রাজনীতির।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?