মোদীর পোস্ট মুছে যাওয়ার ঘটনায় ফের মেটাকে তলব কেন্দ্রের, অ্যালগরিদম নিয়ে ব্যাখ্যা চায় সরকার

মোদীর পোস্ট মুছে যাওয়ার ঘটনায় ফের মেটাকে তলব কেন্দ্রের! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফেসবুক পোস্ট সাময়িকভাবে সরিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ফের মেটার শীর্ষ কর্তাদের তলব করল কেন্দ্রীয় সরকার। এক…

August 4, 2026
1 min read

মোদীর পোস্ট মুছে যাওয়ার ঘটনায় ফের মেটাকে তলব কেন্দ্রের!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফেসবুক পোস্ট সাময়িকভাবে সরিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ফের মেটার শীর্ষ কর্তাদের তলব করল কেন্দ্রীয় সরকার। এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় বৈঠক। এবার শুধু পোস্ট মুছে যাওয়ার কারণ নয়, ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যালগরিদম কীভাবে কাজ করে এবং কোন ভিত্তিতে পোস্টের প্রচার বা দৃশ্যমানতা নির্ধারণ হয়, সেই বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা চাইতে চলেছে কেন্দ্র।

সরকারি সূত্রের দাবি, বুধবার মেটার গ্লোবাল পাবলিক পলিসি প্রধান জোয়েল কাপলানকে বৈঠকের জন্য ডাকা হয়েছে। তাঁর সঙ্গে ইনস্টাগ্রামের প্রযুক্তি বিভাগের প্রতিনিধিদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে। কেন্দ্র জানতে চাইছে, কোন অ্যালগরিদমের ভিত্তিতে বিভিন্ন পোস্টের পৌঁছনোর পরিধি নির্ধারিত হয় এবং কেন সরকার-বিরোধী কিছু পোস্ট দ্রুত বেশি মানুষের কাছে পৌঁছে যায় বলে অভিযোগ উঠছে।

বিতর্কের সূত্রপাত প্রধানমন্ত্রী মোদীর একটি ভিডিও পোস্ট ঘিরে। ছাত্র আন্দোলনের আবহে প্রশ্নফাঁস রোধে কঠোর আইন আনার বার্তা দিয়ে মাঝরাতে ওই ভিডিওটি ফেসবুকে প্রকাশ করা হয়েছিল। কিন্তু কিছু সময়ের মধ্যেই সেটি প্ল্যাটফর্ম থেকে অদৃশ্য হয়ে যায়। পরে ভিডিওর জায়গায় বার্তা দেখা যায়— “আইনি অনুরোধের কারণে এই পোস্টটি ভারতে পাওয়া যাচ্ছে না।” যদিও কিছু সময় পর ভিডিওটি আবার ফিরিয়ে আনা হয়।

ঘটনার পর মেটা জানায়, এটি প্রযুক্তিগত ত্রুটির ফল এবং ভুলবশত পোস্টটি সরিয়ে গিয়েছিল। সংস্থার এক মুখপাত্র এই ঘটনার জন্য ক্ষমাও চান। তবে কেন্দ্রীয় সরকার সেই ব্যাখ্যায় পুরোপুরি সন্তুষ্ট নয়। সরকারি সূত্রের মতে, শুধুমাত্র প্রযুক্তিগত সমস্যার কথা বললেই বিষয়টি শেষ হয়ে যায় না। তাই সংস্থার কাছ থেকে লিখিত ব্যাখ্যা এবং ঘটনার বিস্তারিত রিপোর্টও চাওয়া হতে পারে।

সরকারি মহলের ইঙ্গিত, শুধু এই একটি পোস্ট নয়, সামাজিক মাধ্যমে কনটেন্টের দৃশ্যমানতা কীভাবে নিয়ন্ত্রিত হয়, সেটিও এখন সরকারের আগ্রহের বিষয়। সেই কারণেই অ্যালগরিদমের কার্যপদ্ধতি, কনটেন্ট মডারেশন এবং পোস্টের রিচ নির্ধারণের প্রক্রিয়া নিয়ে মেটার কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হতে পারে।

উল্লেখ্য, যে ভিডিওটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তাতে প্রধানমন্ত্রী প্রশ্নফাঁস রোধে নতুন আইনের খসড়া আনার ঘোষণা করেছিলেন। পরে সেই বিল সংসদে পাসও হয়েছে। তবে ভিডিওটি সাময়িকভাবে সরিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সরকার ও মেটার মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে, যা এখন আরও বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow
Explore More on These Topics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *