বিশ্বকাপ ফাইনালের উত্তেজনার জেরে ফিফার নজরে আর্জেন্টিনা!
বিশ্বকাপ ফাইনালের পর শুধু পরাজয়ের হতাশাই নয়, মাঠের ঘটনাও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। স্পেনের বিরুদ্ধে ফাইনাল হেরে যাওয়ার পর আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারের আচরণ নিয়ে তদন্ত শুরু করেছে ফিফা। ম্যাচ শেষের বাঁশি বাজার পর দুই দলের ফুটবলারদের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি এবং উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনাকে গুরুত্ব দিয়েই এই পদক্ষেপ নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ম্যাচ-পরবর্তী ঘটনায় আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারের বিরুদ্ধে অসংযত আচরণের অভিযোগ উঠেছে। ফিফা গোটা ঘটনার ভিডিও ফুটেজ ও ম্যাচ অফিসিয়ালদের রিপোর্ট খতিয়ে দেখছে। একই সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে আগের ম্যাচে ফকল্যান্ড ইস্যু নিয়ে প্রদর্শিত একটি ব্যানার নিয়েও তদন্ত হতে পারে বলে জানা গিয়েছে।
ফাইনালের শেষ বাঁশি বাজতেই স্পেনের ফুটবলাররা বিশ্বজয়ের আনন্দে মেতে ওঠেন। অন্য দিকে, হতাশ আর্জেন্টিনার খেলোয়াড়দের একাংশ মাঠেই বসে পড়েন। কিছুক্ষণের মধ্যেই দুই দলের ফুটবলারদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা, পরে ধাক্কাধাক্কি ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।
এই ঘটনার কেন্দ্রে ছিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। অভিযোগ, তিনি প্রথমে স্পেনের এরিক গার্সিয়ার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং পরে গাভির সঙ্গেও ধাক্কাধাক্কি করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠায় দুই দলের কোচিং স্টাফ এবং কর্মকর্তারা মাঠে নেমে ফুটবলারদের আলাদা করার চেষ্টা করেন।
আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনিকেও এ সময় নিজের দলের ফুটবলারদের শান্ত করতে মাঠে নামতে দেখা যায়। সাধারণত শান্ত স্বভাবের জন্য পরিচিত স্কালোনিকেও উত্তেজিত অবস্থায় দেখা যাওয়ায় ঘটনাটি আরও বেশি আলোচনায় উঠে এসেছে।
ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার অ্যালান শিয়ারারের মতে, ফুটবলে হার-জিত খেলাধুলারই অংশ। তবে পরাজয়ের পর প্রতিপক্ষের সঙ্গে এমন আচরণের কোনও জায়গা নেই। তাঁর দাবি, কোনও প্ররোচনা ছাড়াই সংঘর্ষ শুরু হওয়াটা হতাশাজনক এবং এমন আচরণ আন্তর্জাতিক ফুটবলের ভাবমূর্তির সঙ্গে মানানসই নয়।
ফিফা এখনও আনুষ্ঠানিকভাবে কোনও শাস্তির ঘোষণা করেনি। তদন্ত শেষ হওয়ার পর সংশ্লিষ্ট ফুটবলার বা দলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে। ফলে বিশ্বকাপের পরাজয়ের ধাক্কার পাশাপাশি শাস্তির আশঙ্কাও এখন আর্জেন্টিনা শিবিরের সামনে নতুন উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?