ফাইনালের আগে স্পেনের চিন্তা আর্জেন্টিনার ‘শারীরিক ফুটবল’!
বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার খেলার ধরন নিয়েই উদ্বেগ প্রকাশ করলেন স্পেনের অভিজ্ঞ ডিফেন্ডার আয়মেরিক লাপোর্তে। তাঁর অভিযোগ, সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার ফুটবলাররা বারবার অপ্রয়োজনীয় কড়া ট্যাকল করেছেন, যা ম্যাচের স্বাভাবিক ছন্দ নষ্ট করেছে। তাই ফাইনালে রেফারি যেন শুরু থেকেই কঠোর অবস্থান নেন, সেই আবেদন জানিয়েছেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা-কে দেওয়া সাক্ষাৎকারে লাপোর্তে বলেন, রেফারি যদি নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করেন, তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল নিয়ে তাঁর কোনও আপত্তি নেই। তবে সাম্প্রতিক ম্যাচগুলিতে, বিশেষ করে আর্জেন্টিনার খেলায়, এমন কিছু ট্যাকল দেখা গেছে যা তাঁর মতে এই স্তরের প্রতিযোগিতায় গ্রহণযোগ্য নয়।
লাপোর্তের মতে, অতিরিক্ত শারীরিক ফুটবল শুধু খেলার গতি নষ্ট করে না, মাঠে অপ্রয়োজনীয় উত্তেজনাও তৈরি করে। একজন বা দু’জন ফুটবলার বারবার এমন ফাউল করলেও পুরো ম্যাচের পরিবেশ বদলে যেতে পারে। তাই শুরু থেকেই রেফারির উচিত কঠোর নজর রাখা, যাতে ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া না হয়।
স্পেনের ডিফেন্ডার জোর দিয়ে বলেন, তাঁদের দল শুরু থেকেই পরিচ্ছন্ন ও মার্জিত ফুটবল খেলে এসেছে। প্রতিপক্ষকে ইচ্ছাকৃত আঘাত করা বা অহেতুক ফাউল করা তাঁদের কৌশলের অংশ নয়। ফাইনালেও সেই দর্শন বজায় রাখতে চান তাঁরা। তাঁর আশা, ম্যাচ এমনভাবে পরিচালিত হবে যাতে ফুটবলই আলোচনার কেন্দ্রবিন্দু থাকে, বিতর্ক নয়।
তবে আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে উদ্বেগ থাকলেও লিয়োনেল মেসির প্রতি নিজের শ্রদ্ধা গোপন করেননি লাপোর্তে। তিনি বলেন, ছোটবেলা থেকেই মেসির খেলা দেখে বড় হয়েছেন এবং তাঁকে কিংবদন্তি হিসেবেই মনে করেন। মেসির অসাধারণ ফুটবল প্রতিভার প্রশংসা করলেও তাঁর প্রত্যাশা, ফাইনালের নায়ক হবেন স্পেনের ফুটবলাররাই।
বিশ্বকাপের শুরুতে অনেকেই স্পেনকে ফেভারিটের তালিকায় রাখেননি। কিন্তু দলের ভিতরে আত্মবিশ্বাস ছিল বলেই তাঁরা এত দূর এগিয়ে এসেছেন বলে জানিয়েছেন লাপোর্তে। তাঁর কথায়, ফাইনালে উঠে শিরোপা জিততে না পারলে সেটি হবে দলের কাছে সবচেয়ে বড় হতাশাগুলির একটি। এখন তাঁদের একমাত্র লক্ষ্য, শেষ বাধা পেরিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?