রাজ্যসভা ছাড়লেন কোয়েল মল্লিক, ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকের পর জোর জল্পনা— বিজেপিতে যোগ দিচ্ছেন অভিনেত্রী?

বিজেপিতে যোগ দিচ্ছেন অভিনেত্রী? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে নতুন রাজনৈতিক জল্পনার জন্ম দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। বৃহস্পতিবার দিল্লিতে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি.পি. রাধাকৃষ্ণণের হাতে ইস্তফাপত্র জমা দেওয়ার…

July 16, 2026
1 min read

বিজেপিতে যোগ দিচ্ছেন অভিনেত্রী?

রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে নতুন রাজনৈতিক জল্পনার জন্ম দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। বৃহস্পতিবার দিল্লিতে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি.পি. রাধাকৃষ্ণণের হাতে ইস্তফাপত্র জমা দেওয়ার পরই তিনি কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করেন। আর সেই সাক্ষাতের পর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে— কোয়েল কি এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন?

গত ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় চার জন নতুন মুখকে পাঠিয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন প্রাক্তন ডিজি রাজীব কুমার, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, আইনজীবী মেনকা গুরুস্বামী এবং অভিনেত্রী কোয়েল মল্লিক। কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই কোয়েলের পদত্যাগ ঘিরে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে।

সূত্রের খবর, প্রথমে ই-মেলের মাধ্যমে ইস্তফাপত্র পাঠালেও নিয়ম অনুযায়ী সশরীরে উপস্থিত হয়ে তা জমা দিতে বৃহস্পতিবার দিল্লি যান কোয়েল। এরপরই তাঁর ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক রাজনৈতিক গুরুত্ব বাড়িয়ে দিয়েছে।

সম্প্রতি তৃণমূল ছেড়ে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক বিজেপিতে যোগ দেন। দলবদলের কয়েক ঘণ্টার মধ্যেই তাঁদের আবার রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী করে বিজেপি এবং কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁরা উচ্চকক্ষে ফেরার পথ নিশ্চিত করেন। সেই নজির সামনে রেখে এখন জল্পনা, কোয়েলও কি একই পথে হাঁটবেন?

উল্লেখযোগ্য বিষয় হল, রাজ্যসভার সদস্য হওয়ার পর এখনও পর্যন্ত সংসদের কোনও অধিবেশনে অংশ নেননি কোয়েল। আগামী সোমবার থেকেই বাদল অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। সেটিই হতে পারত তাঁর প্রথম সংসদীয় অধিবেশন। কিন্তু তার আগেই সাংসদ পদ ছেড়ে দিলেন তিনি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, গত কয়েক মাসে তৃণমূলের একাধিক সাংসদের দলবদলের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ভূপেন্দ্র যাদব। তাঁর সঙ্গেই কোয়েলের বৈঠক হওয়ায় রাজনৈতিক জল্পনা আরও জোরদার হয়েছে। যদিও কোয়েল মল্লিক বা বিজেপির তরফে এখনও পর্যন্ত সম্ভাব্য যোগদান নিয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

প্রসঙ্গত, রাজ্যসভায় মনোনয়ন পাওয়ার পর কোয়েল বলেছিলেন, দেশের ও মানুষের সেবা করার সুযোগ পাওয়াকে তিনি নিজের জীবনের অন্যতম বড় সম্মান বলে মনে করেন। কিন্তু সেই দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই তাঁর ইস্তফা রাজনৈতিক মহলে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। এখন সকলের নজর— কোয়েলের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কী হতে চলেছে।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *