জাপান ম্যাচে সুযোগ না পেয়ে ক্ষুব্ধ নেমার!
বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজ়িলের সামনে কঠিন পরীক্ষা। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ আর্লিং হালান্ডের নরওয়ে। তবে ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন, চোট কাটিয়ে ফেরা নেমার কি প্রথম একাদশে থাকবেন? সেই প্রশ্নের স্পষ্ট উত্তর না দিয়ে সতর্ক অবস্থান নিলেন ব্রাজ়িল কোচ কার্লো আনচেলোত্তি।
জাপানের বিরুদ্ধে আগের ম্যাচে সম্পূর্ণ ফিট থাকা সত্ত্বেও নেমারকে মাঠে নামানো হয়নি। নিয়মিত অনুশীলন করলেও বেঞ্চেই কাটাতে হয় পুরো ম্যাচ। বিষয়টি যে নেমারের ভালো লাগেনি, তা স্বীকার করেছেন আনচেলোত্তি নিজেই।
ব্রাজ়িলের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “জাপানের বিরুদ্ধে না খেলায় নেমার কিছুটা অসন্তুষ্ট হয়েছিল। তবে ওর আচরণে কোনও সমস্যা ছিল না। অনুশীলনে দারুণ পরিশ্রম করছে। আমাদের দলের জন্য নেমার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুটবলার হিসেবেই নয়, মানুষ হিসেবেও ও অসাধারণ।”
তবে নরওয়ের বিরুদ্ধে নেমার খেলবেন কি না, সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ব্রাজ়িল কোচ।
আনচেলোত্তি বলেন, “নেমার পুরোপুরি প্রস্তুত। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু ও কতক্ষণ খেলবে, সেটা এখনই বলা সম্ভব নয়। দলের প্রয়োজন অনুযায়ীই ওকে ব্যবহার করা হবে। ম্যাচের গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেমারের রয়েছে।”
আনচেলোত্তির বক্তব্যে স্পষ্ট, দীর্ঘদিনের গুরুতর চোট কাটিয়ে বিশ্বকাপে ফেরা নেমারকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে রাজি নয় ব্রাজ়িল শিবির। প্রয়োজন হলে তাঁকে বদলি হিসেবে নামানো হতে পারে, তবে শুরু থেকেই মাঠে নামার সম্ভাবনা এখনও অনিশ্চিত।
নরওয়ের বিরুদ্ধে ব্রাজ়িলের লড়াই সহজ হবে না। আর্লিং হালান্ডদের আক্রমণভাগ চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে। তাই ম্যাচের পরিস্থিতি বুঝেই নেমারের অভিজ্ঞতা ও সৃজনশীলতাকে কাজে লাগানোর পরিকল্পনা করছেন আনচেলোত্তি। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত নেমারের ভূমিকা নিয়ে জল্পনা থাকছেই।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?