অনলাইনে পোশাক কিনে ক্ষুব্ধ তৃষা কৃষ্ণন
অনলাইনে কেনাকাটা এখন নিত্যদিনের অভ্যাস। তবে সেই অভিজ্ঞতা সব সময় সুখকর হয় না। সম্প্রতি এমনই এক বিরক্তিকর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণন। অনলাইনে কেনা পোশাকের মান নিয়ে ক্ষোভ উগরে দিয়ে সমাজমাধ্যমেই সংশ্লিষ্ট সংস্থাকে বার্তা পাঠিয়েছেন তিনি।
তৃষার দাবি, এক-দু’বার নয়, টানা তিন বার একই সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। অনলাইনে অর্ডার করা প্রতিটি পোশাক থেকেই তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। ফলে একটি পোশাকও তিনি ব্যবহার করতে পারেননি। বারবার একই অভিজ্ঞতা হওয়ায় শেষ পর্যন্ত প্রকাশ্যেই অসন্তোষ জানাতে বাধ্য হন অভিনেত্রী।
শুক্রবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সংশ্লিষ্ট পোশাক প্রস্তুতকারী সংস্থাকে উদ্দেশ করে তৃষা লেখেন, “একটা ছোট্ট অনুরোধ, হোম ডেলিভারির আগে দয়া করে নিশ্চিত করুন যেন পোশাক থেকে শরীরের দুর্গন্ধ না বেরোয়। এই নিয়ে তিন বার এমন অভিজ্ঞতা হল। বিষয়টি সত্যিই অত্যন্ত বিরক্তিকর। পাঠানোর আগে অনুগ্রহ করে এক বার সব কিছু ভালোভাবে পরীক্ষা করে নিন।”
তবে তিনি কোন সংস্থা থেকে বা কী ধরনের পোশাক অর্ডার করেছিলেন, সে বিষয়ে কোনও তথ্য প্রকাশ করেননি। ফলে অনুরাগীদের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তও সম্প্রতি খবরের শিরোনামে এসেছে। এ বছর ৪৩ বছরে পা দিয়েছেন তৃষা। কিছু দিন আগে পরিবারের সঙ্গে মায়ের ৭০তম জন্মদিনও উদ্যাপন করেছেন তিনি।
অন্য দিকে, অভিনেতা বিজয় তলপতির জন্মদিনে তৃষার একটি পোস্ট নিয়েও সমাজমাধ্যমে জোর আলোচনা শুরু হয়েছিল। পোস্ট করা ছবিতে বিজয়ের দিকে স্নেহভরা দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। সামনে সাজানো ছিল পাঁচটি জন্মদিনের কেক। ছবির ক্যাপশনে তৃষা লিখেছিলেন, “যিনি সব কিছুকে সার্থক করে তোলেন, তাঁকে জন্মদিনের শুভেচ্ছা।” সেই পোস্ট ঘিরে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয় অনুরাগীদের একাংশের মধ্যে।
কাজের ক্ষেত্রে তৃষাকে শেষ দেখা গিয়েছে ‘করুপ্পু’ ছবিতে। সেখানে সূরিয়ার সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। বক্স অফিসে ছবিটি উল্লেখযোগ্য সাফল্য পেয়ে বিশ্বজুড়ে ৩০০ কোটিরও বেশি টাকার ব্যবসা করেছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?