মেসি-রোনাল্ডোর সঙ্গে তুলনায় কী বললেন হ্যারি কেন?
বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন হ্যারি কেন। কঙ্গোর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে জোড়া গোল করে ইংল্যান্ডকে শেষ ষোলোয় তুলে শুধু দলকেই জেতাননি, ভেঙেছেন কিলিয়ান এমবাপের একটি গুরুত্বপূর্ণ রেকর্ডও। ম্যাচের পর সতীর্থ অ্যান্থনি গর্ডন তাঁকে লিয়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তুলনা করলে বিনয়ের সঙ্গেই নিজের প্রতিক্রিয়া জানান ইংল্যান্ড অধিনায়ক।
কঙ্গোর বিরুদ্ধে ইংল্যান্ড পিছিয়ে পড়লেও কেনের জোড়া গোলে ম্যাচ ঘুরে যায়। তাঁর পারফরম্যান্সে মুগ্ধ গর্ডন বলেন, কেনের বর্তমান ফর্ম বিশ্বের সেরাদের পর্যায়ে। তাঁর কথায়, “হ্যারির সঙ্গে খেলাটা দারুণ অভিজ্ঞতা। এই মরসুমে ও যে ফুটবল খেলছে, তার তুলনা একমাত্র মেসির সঙ্গেই করা যায়। মেসি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। সেই মানের আলোচনায় হ্যারির নাম ওঠাই ওর কৃতিত্বের প্রমাণ।”
এই মরসুমে ক্লাব ও দেশের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭২ গোল করেছেন কেন। ফলে তিনি এক মরসুমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৬৯ গোলের রেকর্ড পেছনে ফেলেছেন। তাঁর সামনে এখন রয়েছেন শুধু লিয়োনেল মেসি, যিনি এক মরসুমে ৯১ গোল করেছিলেন। গর্ডনের মতে, এই ধারাবাহিকতা কেবল প্রতিভার জোরে আসে না, এর পিছনে থাকে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা।
বিশ্বকাপেও রেকর্ডের পর রেকর্ড গড়ছেন ইংল্যান্ড অধিনায়ক। কঙ্গোর বিরুদ্ধে গোল করে বিশ্বকাপে তাঁর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৩, যা ব্রাজিল কিংবদন্তি পেলের চেয়েও বেশি। সামনে রয়েছেন মিরোস্লাভ ক্লোজ়ে, রোনাল্ডো নাজারিও, গার্ড মুলার, লিয়োনেল মেসি এবং কিলিয়ান এমবাপে। বর্তমান ফর্ম বজায় থাকলে এই বিশ্বকাপেই আরও একাধিক নজির স্পর্শ করার সুযোগ রয়েছে তাঁর সামনে।
এছাড়া ২০২০ সালের ইউরো কাপের পর থেকে দেশের হয়ে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের নকআউট পর্বে কেনের গোলসংখ্যা এখন ১০। এই পরিসংখ্যানে তিনি এমবাপের সাত গোলকে ছাপিয়ে ইউরোপীয় ফুটবলারদের মধ্যে শীর্ষে উঠে এসেছেন।
তবে ব্যক্তিগত রেকর্ড বা কিংবদন্তিদের সঙ্গে তুলনা নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত নন কেন। তিনি বলেন, “আমরা প্রতিদিন কঠোর অনুশীলন করি। ম্যাচের ধকল সামলে আবার প্রস্তুতি নিই, আইস বাথ করি, শরীরের যত্ন নিই। দর্শকেরা হয়তো এই পরিশ্রমটা দেখেন না। ধারাবাহিকভাবে ভাল খেলতে গেলে এই প্রস্তুতিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
মেসি ও রোনাল্ডোর প্রসঙ্গে তিনি আরও বলেন, “ওরা অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে। তাঁদের সঙ্গে আমার নাম উচ্চারিত হওয়াটাই সম্মানের। তবে ব্যক্তিগত রেকর্ড নয়, আমার সবচেয়ে বড় লক্ষ্য ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো। দল সফল হলেই সেটাই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?