বিশ্বকাপের হতাশার পরও হরমনপ্রীতের উপরেই আস্থা, এশিয়ান গেমসের জন্য ভারতীয় মহিলা দল ঘোষণা

বিশ্বকাপের হতাশার পরও হরমনপ্রীতের উপরেই আস্থা! টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর ভারতীয় মহিলা দলের নেতৃত্বে কোনও পরিবর্তন আনল না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এশিয়ান গেমসের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে…

June 30, 2026
1 min read

বিশ্বকাপের হতাশার পরও হরমনপ্রীতের উপরেই আস্থা!

টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর ভারতীয় মহিলা দলের নেতৃত্বে কোনও পরিবর্তন আনল না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এশিয়ান গেমসের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে অধিনায়ক হিসেবে ফের আস্থা রাখা হয়েছে হরমনপ্রীত কৌরের উপর। সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন স্মৃতি মন্ধানা।

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর অনেকেই মনে করেছিলেন নেতৃত্বে বদল আসতে পারে। তবে বোর্ড সেই জল্পনায় ইতি টেনে জানিয়ে দিল, আপাতত হরমনপ্রীতের হাতেই থাকবে দলের দায়িত্ব।

বিশ্বকাপে অংশ নেওয়া দলের সঙ্গে এশিয়ান গেমসের স্কোয়াডে বড় কোনও পরিবর্তন করা হয়নি। মাত্র একটি বদল হয়েছে। উইকেটরক্ষক যস্তিকা ভাটিয়ার জায়গায় সুযোগ পেয়েছেন জি কমলিনী। অর্থাৎ, দ্বিতীয় উইকেটরক্ষকের ভূমিকাতেই পরিবর্তন এনেছে নির্বাচক কমিটি। বাকি সদস্যরা আগের দল থেকেই জায়গা ধরে রেখেছেন।

এদিকে, বিশ্বকাপ চলাকালীন চোটের কারণে ছিটকে যাওয়া স্পিনার শ্রেয়াঙ্কা পাটিলকে ফের দলে রাখা হয়েছে। বিশ্বকাপে তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছিলেন প্রেমা রাওয়াত। তবে এশিয়ান গেমসে খেলতে হলে শ্রেয়াঙ্কাকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তিনি পুরোপুরি সুস্থ না হলে তাঁর পরিবর্তে অন্য ক্রিকেটারকে নেওয়া হবে।

ভারতের ব্যাটিং বিভাগে রয়েছেন অভিজ্ঞ ও তরুণদের মিশেল। হরমনপ্রীত কৌর ও স্মৃতি মন্ধানার পাশাপাশি দায়িত্ব সামলাবেন শেফালি বর্মা, জেমাইমা রদ্রিগেজ এবং ভারতী ফুলমালি। উইকেটরক্ষকের দায়িত্বে থাকবেন বাংলার রিচা ঘোষ।

অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন দীপ্তি শর্মা। স্পিন বিভাগে তাঁর সঙ্গে থাকবেন শ্রী চরণি, রাধা যাদব এবং ফিট থাকলে শ্রেয়াঙ্কা পাটিল। অন্যদিকে, পেস আক্রমণের দায়িত্ব সামলাবেন রেণুকা সিংহ ঠাকুর, নন্দিনী শর্মা, ক্রান্তি গৌড় এবং অরুন্ধতী রেড্ডি।

এ বারের এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে জাপানে। প্রতিযোগিতা শুরু হবে ১৯ সেপ্টেম্বর এবং চলবে ৪ অক্টোবর পর্যন্ত। মহিলা দলের পাশাপাশি ভারতীয় পুরুষ দলও এই আসরে অংশ নেবে। তাদের দল আগেই ঘোষণা করেছে বিসিসিআই।

বিশ্বকাপের হতাশা কাটিয়ে এশিয়ান গেমসে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে হরমনপ্রীত কৌরের দল। অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তরুণদের সমন্বয়ে গড়া এই দল দেশের জন্য সোনা জয়ের লড়াইয়ে কতটা সফল হয়, এখন সেদিকেই নজর ক্রিকেটপ্রেমীদের।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *