ইংল্যান্ড-শ্রীলঙ্কার হারে লাভ ভারতের!
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকায় মাঠে না নেমেই লাভবান হল ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ডের সিরিজ় জয় এবং ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে শ্রীলঙ্কার পরাজয়ের জেরে এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে শুভমন গিলের দল। অন্য দিকে, একটি টেস্ট হারতেই তিন ধাপ নেমে এখন ছয় নম্বরে শ্রীলঙ্কা। একই সঙ্গে চার নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রকাশিত সর্বশেষ ডব্লিউটিসি পয়েন্ট তালিকায় এখনও শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের নেতৃত্বে আটটি টেস্ট খেলে তাদের পয়েন্ট শতাংশ ৮৭.৫০, যা এই মুহূর্তে প্রতিযোগিতার সর্বোচ্চ।
দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দল চারটি টেস্ট খেলে ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে। তৃতীয় স্থানে উঠে এসেছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ় জয়ের সুবাদে কিউয়িদের পয়েন্ট শতাংশ বেড়ে হয়েছে ৭২.২২।
এই তালিকায় অন্যতম চমক বাংলাদেশ। মাত্র চারটি টেস্ট খেলেই নাজমুল হোসেন শান্তর দল ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে উঠে এসেছে চতুর্থ স্থানে। ধারাবাহিক ভালো ফলের পুরস্কার হিসেবে তারা এখন ভারত ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলগুলিরও উপরে অবস্থান করছে।
ভারতের ঝুলিতে রয়েছে ৪৮.১৫ শতাংশ পয়েন্ট। শুভমন গিলের নেতৃত্বাধীন দল এখনও পর্যন্ত ন’টি টেস্ট খেলেছে। যদিও সাম্প্রতিক সময়ে ভারত কোনও ম্যাচ খেলেনি, তবুও প্রতিদ্বন্দ্বী দলগুলির ব্যর্থতার কারণে এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে।
সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে একটি টেস্টে হারার ফলে তাদের পয়েন্ট শতাংশ নেমে হয়েছে ৪৪.৪৪। এর ফলে এক লাফে তিন ধাপ পিছিয়ে এখন তারা ছয় নম্বরে অবস্থান করছে।
ইংল্যান্ডের অবস্থাও খুব একটা স্বস্তিদায়ক নয়। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ১-২ ব্যবধানে সিরিজ় হারার পর তাদের পয়েন্ট শতাংশ নেমে হয়েছে ২৪.৩৬। ১৩টি টেস্ট খেলেও তারা এখন তালিকার সপ্তম স্থানে।
ডব্লিউটিসি ফাইনালের দৌড়ে সবচেয়ে পিছিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ় এবং পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ় ন’টি টেস্ট শেষে ১৪.৮১ শতাংশ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে। তালিকার একেবারে শেষে রয়েছে পাকিস্তান। শান মাসুদের নেতৃত্বে চারটি টেস্ট খেলেও তাদের পয়েন্ট শতাংশ মাত্র ৮.৩৩, ফলে ফাইনালের লড়াইয়ে ফিরে আসতে হলে আগামী ম্যাচগুলোতে দুর্দান্ত প্রত্যাবর্তন করতেই হবে।
ডব্লিউটিসি-র বর্তমান চিত্রে অস্ট্রেলিয়া এখনও সবচেয়ে এগিয়ে থাকলেও, মাঝের সারির দলগুলির মধ্যে ব্যবধান খুবই কম। ফলে আগামী কয়েকটি টেস্টের ফলই ঠিক করে দিতে পারে কোন দল শেষ পর্যন্ত ফাইনালের টিকিট নিশ্চিত করবে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?