মেসি ইভেন্ট বিতর্কে নয়া মোড়!
লিয়োনেল মেসির কলকাতা সফর ঘিরে তৈরি হওয়া বিতর্ক আরও জটিল আকার নিল। এবার কলকাতা পুরসভার কাউন্সিলর জুঁই বিশ্বাসকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়ে আইনি নোটিস পাঠালেন মেসি ইভেন্টের অন্যতম আয়োজক শতদ্রু দত্ত। তাঁর অভিযোগ, গত ডিসেম্বর কলকাতায় আয়োজিত অনুষ্ঠানে অনুমতি ছাড়াই সংরক্ষিত এলাকায় প্রবেশ করেছিলেন জুঁই।
শতদ্রুর পক্ষ থেকে পাঠানো নোটিসে দাবি করা হয়েছে, ১৫ দিনের মধ্যে জুঁই বিশ্বাসকে লিখিত ভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
এর আগে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছিলেন শতদ্রু দত্ত। এবার তাঁর নিশানায় অরূপের প্রাক্তন ভ্রাতৃবধূ জুঁই বিশ্বাস। বর্তমানে কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুঁই। সম্প্রতি তিনি তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীর একটি বৈঠকেও যোগ দিয়েছিলেন বলে জানা গিয়েছে।
শতদ্রুর অভিযোগ, লিয়োনেল মেসির উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের দিন যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠে ঢোকার জন্য জুঁইয়ের কাছে কোনও সরকারি অনুমোদন বা অ্যাক্রেডিটেশন ছিল না। তাঁর দাবি, আয়োজকদের পক্ষ থেকে তাঁকে কোনও আমন্ত্রণপত্র দেওয়া হয়নি, এমনকি অনুমোদিত প্রবেশ তালিকাতেও তাঁর নাম ছিল না।
আইনি নোটিসে বলা হয়েছে, “আপনাকে শতদ্রু বা তাঁর সংস্থার পক্ষ থেকে কখনও আমন্ত্রণ জানানো হয়নি। আপনার নামে কোনও অ্যাক্রেডিটেশন কার্ডও ইস্যু করা হয়নি। তা সত্ত্বেও আপনি সংরক্ষিত এলাকায় প্রবেশ করেন এবং মাঠে লিয়োনেল মেসির সঙ্গে ছবি ও সেলফি তোলেন।”
শতদ্রুর পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, অনুষ্ঠানের পরে সংবাদমাধ্যমে জুঁই নিজেই জানিয়েছিলেন যে তৎকালীন ক্রীড়ামন্ত্রীর মাধ্যমে তিনি অনুষ্ঠানের জায়গা এবং সংরক্ষিত এলাকায় প্রবেশের সুযোগ পেয়েছিলেন। এই বক্তব্যই প্রমাণ করে যে, আয়োজকদের নিয়ম মেনে তাঁর প্রবেশাধিকার ছিল না বলে দাবি করেছেন শতদ্রু।
আয়োজকের অভিযোগ, জুঁই এবং অন্য কিছু অননুমোদিত ব্যক্তির উপস্থিতির কারণে অনুষ্ঠানের স্বাভাবিক পরিচালনা ব্যাহত হয় এবং নিরাপত্তা ব্যবস্থাও প্রশ্নের মুখে পড়ে। এর ফলে তাঁর সংস্থার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
যদিও এই অভিযোগ নিয়ে জুঁই বিশ্বাসের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।
মেসিকে ঘিরে আয়োজিত সেই অনুষ্ঠান শুরু থেকেই নানা বিতর্কের কেন্দ্রে ছিল। এবার ১০ কোটি টাকার আইনি নোটিসের জেরে সেই বিতর্ক নতুন মাত্রা পেল। আগামী দিনে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় কি না, সেদিকেই নজর রাজনৈতিক ও ক্রীড়ামহলের।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?