বিশ্বকাপে ইতিহাস গড়লেন তিন নারী রেফারি!
পুরুষদের ফুটবল বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাসের সাক্ষী থাকল বিশ্ব। দক্ষিণ আফ্রিকা ও চেকিয়ার ম্যাচ পরিচালনা করে নজির গড়লেন তিন মার্কিন নারী রেফারি। মূল রেফারির দায়িত্বে ছিলেন Tori Penso, আর সহকারী রেফারি হিসেবে ছিলেন Brooke Mayo এবং Kathryn Nesbitt। এই প্রথম পুরুষদের বিশ্বকাপের কোনও ম্যাচে সম্পূর্ণ নারী রেফারিং দল দায়িত্ব সামলাল।
এর আগে ২০২২ সালের FIFA World Cup Qatar 2022-এ ইতিহাস গড়েছিলেন Stéphanie Frappart। তিনি প্রথম নারী হিসেবে পুরুষদের বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করেছিলেন। তবে তাঁর সহকারীরা ছিলেন পুরুষ। সেই তুলনায় এ বারের ঘটনাটি আরও বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
দক্ষিণ আফ্রিকা-চেকিয়া ম্যাচে পেন্সো ও তাঁর সহকারীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। ম্যাচজুড়ে তাঁদের কোনও সিদ্ধান্ত ঘিরে বড় বিতর্ক তৈরি হয়নি। কার্ডও খুব কম দেখাতে হয়েছে। শেষ দিকে একটি পেনাল্টির সিদ্ধান্ত দেন পেন্সো, যা থেকে গোল করে দক্ষিণ আফ্রিকাকে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট এনে দেন Teboho Mokoena।
ক্যালিফোর্নিয়ার সাধারণ পরিবারে বড় হওয়া পেন্সোর যাত্রাপথও অনুপ্রেরণার। রেফারিংকে পেশা হিসেবে নেওয়ার আগে তিনি একটি বিজ্ঞাপনী সংস্থায় মার্কেটিং পেশায় যুক্ত ছিলেন। পরে পুরো সময়ের জন্য রেফারিংয়ে মনোনিবেশ করার সিদ্ধান্ত নেন। তাঁর কথায়, প্রথমে তিনি ভেবেছিলেন এই কাজের মাধ্যমে দেশ ও বিশ্বের নানা প্রান্তকে কাছ থেকে দেখার সুযোগ পাবেন। কিন্তু সেই সিদ্ধান্তই তাঁকে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে পৌঁছে দিয়েছে।
ফ্লোরিডার স্টুয়ার্ট শহরে জন্ম পেন্সোর। ভাইয়ের অনুপ্রেরণাতেই ১৯৯৯ সালে স্থানীয় লিগে রেফারিং শুরু করেন। সেই বছরই মার্কিন মহিলা দল বিশ্বকাপ জিতেছিল। বিশেষ করে Brandi Chastain-এর ঐতিহাসিক পেনাল্টি গোল তাঁকে রেফারিংয়ে আরও উৎসাহ জুগিয়েছিল।
বিশ্বকাপের মতো বড় আসরে তিন নারী রেফারির এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, ফুটবলে নারী অংশগ্রহণের ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। ভবিষ্যতে আরও বেশি নারী যে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ স্তরে দায়িত্ব পাবেন, এই নজির সেই পথকেই আরও প্রশস্ত করল।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?