১০ মিনিটে জমজমাট ডিনার! বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু পনির মখমলি

১০ মিনিটে জমজমাট ডিনার!! সারাদিন অফিসের কাজের পর রাতে রান্নাঘরে দাঁড়ানোর শক্তি অনেক সময়ই থাকে না। কিন্তু তাই বলে রোজ বাইরে থেকে খাবার আনানোও সম্ভব নয়। এমন সময় ভরসা হতে…

May 9, 2026
1 min read

১০ মিনিটে জমজমাট ডিনার!!

সারাদিন অফিসের কাজের পর রাতে রান্নাঘরে দাঁড়ানোর শক্তি অনেক সময়ই থাকে না। কিন্তু তাই বলে রোজ বাইরে থেকে খাবার আনানোও সম্ভব নয়। এমন সময় ভরসা হতে পারে সহজ, ঝটপট অথচ রেস্তরাঁ-স্টাইলের কোনও পদ। আর পনির থাকলে তো কথাই নেই! একই ধরনের পনিরের তরকারি খেতে খেতে যদি একঘেয়েমি চলে আসে, তা হলে এ বার ট্রাই করতে পারেন নরম, মাখনের মতো স্বাদের ‘পনির মখমলি’।

এই রান্নার বিশেষত্ব হল, খুব কম উপকরণে মাত্র ১০ মিনিটেই তৈরি হয়ে যায় দারুণ ক্রিমি ও সুগন্ধি একটি পদ। রুটি, পরোটা, ফ্রায়েড রাইস বা পোলাও— সব কিছুর সঙ্গেই দুর্দান্ত মানিয়ে যায়।

কী কী লাগবে

  • ৫০০ গ্রাম পনির
  • আধ কাপ টক দই
  • ১ টেবিল চামচ আদা-রসুন বাটা
  • ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  • ২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  • ২ টেবিল চামচ লেবুর রস
  • সামান্য লেবুর খোসা কুঁচি
  • নুন ও সামান্য চিনি স্বাদমতো
  • ২ টেবিল চামচ সাদা তেল
  • আধ চা চামচ গোটা জিরে
  • ৮-১০টি গোটা গোলমরিচ
  • ৩টি এলাচ
  • ১ টুকরো দারচিনি
  • ৩টি লবঙ্গ
  • ১টি তেজপাতা
  • ২টি চেরা কাঁচালঙ্কা
  • এক মুঠো ধনেপাতা কুঁচি
  • আধ চা চামচ মাখন

কী ভাবে বানাবেন

প্রথমে পনির কিউব করে কেটে নিন। একটি বড় পাত্রে দই, আদা-রসুন বাটা, গরম মশলা, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, লেবুর খোসা এবং নুন মিশিয়ে নিন। এর মধ্যে পনির দিয়ে ভাল করে মাখিয়ে নিন। সময় থাকলে ১৫-২০ মিনিট ফ্রিজে রেখে ম্যারিনেট করতে পারেন। এতে স্বাদ আরও ভাল হবে।

এর পর কড়াইয়ে তেল গরম করে জিরে, গোটা গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ ও তেজপাতা ফোড়ন দিন। মশলার গন্ধ বেরোতে শুরু করলে ম্যারিনেট করা পনির ঢেলে দিন।

মাঝারি আঁচে নাড়াচাড়া করে পাঁচ মিনিট ঢেকে রান্না করুন। শেষে সামান্য চিনি, আরও একটু গোলমরিচ গুঁড়ো, চেরা কাঁচালঙ্কা, মাখন এবং ধনেপাতা ছড়িয়ে ভাল করে মিশিয়ে নিলেই তৈরি পনির মখমলি।

এই পদে ঝালের থেকে বেশি গুরুত্ব পায় সুগন্ধ আর মোলায়েম স্বাদ। তাই বাচ্চা থেকে বড়— সবাই সহজেই পছন্দ করবে। রাতে কম সময়ে একটু অন্যরকম কিছু খেতে চাইলে এই রেসিপি একবার বানিয়েই দেখুন।

স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *