বিতর্কে রাজামৌলীর ‘বারাণসী’!
পরিচালক এস এস রাজামৌলী-র নতুন ছবি বারাণসী এখনও মুক্তি পায়নি, তার আগেই বিতর্কে জড়িয়ে পড়ল। কারণ, ছবির একটি দৃশ্যের শুটিংয়ের জন্য প্রয়োজন ছিল বিপুল পরিমাণ জল— প্রায় ১৫ লক্ষ লিটার। আর সেই চাহিদাকেই কেন্দ্র করে শুরু হয়েছে জোর আলোচনা।
জানা গিয়েছে, ছবির একটি গুরুত্বপূর্ণ জলের নীচের দৃশ্যের শুটিং চলছে রামোজি ফিল্ম সিটি-তে। সেই দৃশ্য বাস্তবসম্মত ভাবে ফুটিয়ে তুলতে একটি বড় পুকুর তৈরি করা হচ্ছে। তার জন্য প্রযোজনা সংস্থার তরফে ১৫০টি জলের ট্যাঙ্কারের আবেদন করা হয়েছিল। প্রতিটি ট্যাঙ্কারে ছিল ১০ হাজার লিটার জল। সব মিলিয়ে মোট প্রয়োজনীয় জলের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৫ লক্ষ লিটার।
কিন্তু এখানেই বাধে বিপত্তি। বর্তমানে তীব্র গরমে হায়দরাবাদ শহরে জলের চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছে। সাধারণ মানুষের পানীয় জল ও নিত্যপ্রয়োজনীয় ব্যবহারের কথা মাথায় রেখে প্রশাসন সেই আবেদন মঞ্জুর করেনি বলে খবর। সূত্রের দাবি, এই পরিস্থিতিতে এত বিপুল পরিমাণ জল সিনেমার শুটিংয়ে ব্যবহার করা ঠিক হবে না বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রযোজনা সংস্থা অবশ্য জানিয়েছিল, ট্যাঙ্কারের সমস্ত খরচ তারাই বহন করবে। পাশাপাশি শুটিংয়ের জন্য প্রয়োজনীয় জল পরিষ্কার ও নিরাপদ রাখার কথাও উল্লেখ করা হয়েছিল আবেদনপত্রে। তবু শেষ পর্যন্ত প্রশাসনের অনুমতি মেলেনি।
এখন নির্মাতারা বিকল্প উপায় খুঁজছেন বলে জানা যাচ্ছে। অন্য উৎস থেকে জল জোগাড় করে শুটিং চালানোর পরিকল্পনা করা হচ্ছে। কারণ, মে মাস জুড়েই এই জলের নীচের দৃশ্যগুলির শুটিং হওয়ার কথা রয়েছে।
ছবিটি নিয়ে আগ্রহও কম নয়। এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন মহেশ বাবু। প্রায় এক দশক পরে ভারতীয় ছবিতে প্রত্যাবর্তন করছেন প্রিয়ঙ্কা চোপড়া। গুরুত্বপূর্ণ খলচরিত্রে দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারন-কে। বড় বাজেটের এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
সব কিছু ঠিক থাকলে ২০২৭ সালের এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বারাণসী’। তবে মুক্তির আগে জলের এই বিতর্ক যে ছবির প্রচারে নতুন মাত্রা যোগ করল, তা বলাই যায়।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা