‘কনে দেখা আলো’র শুটিংয়ে ফের ব্যস্ততা!
এক সপ্তাহের অচলাবস্থার পর আবার প্রাণ ফিরে পেল জনপ্রিয় ধারাবাহিক কনে দেখা আলো-র সেট। শুক্রবার সকাল ৮টার ‘কলটাইম’ ঘিরে যেন নতুন করে শুরু হল কাজের ছন্দ— যেটার অপেক্ষায় ছিলেন শিল্পী থেকে টেকনিশিয়ান, সকলে।
গত সপ্তাহে আচমকা থেমে গিয়েছিল শুটিং। কারণ, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর মর্মান্তিক মৃত্যুর পর গোটা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে নেমে আসে শোক ও অনিশ্চয়তা। একাধিক বৈঠক, আলোচনা এবং শর্তসাপেক্ষ সিদ্ধান্তের পর অবশেষে আবার শুরু হল কাজ।
শুক্রবারের সকালটা তাই অন্যরকম ছিল। স্টুডিওর ভেতরে ফিরেছে পরিচিত ব্যস্ততা, লাইট-ক্যামেরা-অ্যাকশনের শব্দে জমে উঠেছে পরিবেশ। দীর্ঘ বিরতির পর সহকর্মীদের সঙ্গে দেখা হওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সকলে।
ধারাবাহিকের ‘লাজু’ চরিত্রে অভিনয় করা অভিনেত্রী সাইনা জানালেন, “অনুভূতিটা সত্যিই আলাদা। প্রতিদিন শুটিং করার অভ্যাসের মধ্যে হঠাৎ কয়েক দিনের বিরতি— তারপর আবার সেটে ফেরা, এটা খুব ভাল লাগার। এত দিন পরে সবাইকে একসঙ্গে পাওয়া— আনন্দের সঙ্গে একটা আলাদা উত্তেজনাও কাজ করছে। তবে কাজের চাপও রয়েছে, কারণ দ্রুত শুটিং এগিয়ে নিতে হবে।”
শুধু শিল্পীরাই নন, টেকনিশিয়ানদের মধ্যেও একই রকম উৎসাহ দেখা গিয়েছে। নববর্ষের পর প্রথমবার একসঙ্গে কাজ করার সুযোগ, তাই সবার মধ্যেই নতুন উদ্যম।
উল্লেখ্য, ২৯ মার্চ তালসারিতে শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর। এই ঘটনার পর প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস-কে ঘিরে একাধিক প্রশ্ন ওঠে। অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই আর্টিস্ট ফোরামের তরফে কড়া অবস্থান নেওয়া হয়, এবং কিছুদিনের জন্য কাজ বন্ধ রাখা হয়।
অবশেষে সব জট কাটিয়ে শুটিং শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে গোটা টিম। এখন লক্ষ্য— দ্রুত কাজ শেষ করে দর্শকদের কাছে আবার নিয়মিত বিনোদন পৌঁছে দেওয়া।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?