মলাইকার ফিটনেস ও সৌন্দর্যের গোপন রহস্য!
উজ্জ্বল ত্বক, টানটান ফিটনেস আর চিরতরুণ উপস্থিতি— বলিউডে সুস্থ জীবনযাপনের কথা উঠলেই যে নামটি প্রথম সারিতে আসে, তিনি হলেন Malaika Arora। কিন্তু তাঁর এই নিখুঁত ফিটনেসের রহস্য যে এতটা সহজ হতে পারে, তা জানলে অনেকেই অবাক হবেন!
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দৈনন্দিন জীবনযাপনের কথা বলতে গিয়ে মলাইকা জানালেন, তাঁর সুস্থতার বড় অংশ জুড়ে রয়েছে একেবারে ‘বাঙালি ঘরানার’ অভ্যাস— ভাতঘুম, অর্থাৎ দুপুরের ছোট্ট ঘুম বা পাওয়ার ন্যাপ।
তিনি বলেন, দুপুরে খাবারের পর ২০-৩০ মিনিটের একটি ছোট্ট ঘুম তাঁর রুটিনের অপরিহার্য অংশ। কাজের ব্যস্ততার মধ্যেও সময় পেলে এই অভ্যাস মিস করেন না। তাঁর মতে, এই সামান্য বিশ্রাম শরীর ও মন— দু’টোকেই নতুন করে চাঙা করে তোলে।
মলাইকার কথায়, “পাওয়ার ন্যাপ আমার খুব প্রিয়। এটা শুধু ক্লান্তি কাটায় না, ত্বক ভাল রাখতেও সাহায্য করে। শরীরকে দ্রুত রিচার্জ করতে এর কোনও বিকল্প নেই।”
আসলে আধুনিক জীবনযাত্রায় যেখানে ঘুমের অভাব একটি বড় সমস্যা, সেখানে দিনের মাঝে এই ছোট্ট বিরতি শরীরের জন্য দারুণ কার্যকর হতে পারে। বিশেষজ্ঞদের মতে, স্বল্প সময়ের ঘুম মনোযোগ বাড়ায়, মানসিক চাপ কমায় এবং কাজের দক্ষতাও উন্নত করে।
তবে এখানে একটা গুরুত্বপূর্ণ ভারসাম্যের কথা বলেছেন মলাইকা। তিনি স্পষ্ট করে জানান, এই ঘুম কখনওই বেশি সময়ের হওয়া উচিত নয়। ২০-৩০ মিনিটই যথেষ্ট। তার বেশি ঘুমোলে শরীর ভারী হয়ে যেতে পারে, এমনকি রাতে ঘুমের সমস্যা দেখা দিতে পারে।
শুধু ঘুম নয়, মলাইকার জীবনযাপনের আরেকটি বড় দিক হল ব্যালান্স। নিয়মিত শরীরচর্চা, যোগব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস— সবই তাঁর রুটিনে রয়েছে। কিন্তু তিনি নিজেকে বঞ্চিত করেন না। পছন্দের খাবারও উপভোগ করেন, তবে পরিমিতভাবে।
তাঁর মতে, সুস্থ থাকা মানে কঠোর নিয়মে নিজেকে বেঁধে রাখা নয়, বরং নিজের শরীরের প্রয়োজন বোঝা। কখন বিশ্রাম দরকার, কখন পরিশ্রম— এই ভারসাম্যটাই আসল।
আজকের দিনে যেখানে ‘হাসল কালচার’-এর চাপে অনেকেই বিশ্রামকে অবহেলা করেন, সেখানে মলাইকার এই সহজ বার্তা বেশ গুরুত্বপূর্ণ— শরীরকে সময় দিন, তবেই সে আপনাকে দীর্ঘদিন সুস্থ রাখবে।
তাই হয়তো বলা যায়, ফিটনেসের দৌড়ে সব সময় কঠিন নিয়মই দরকার হয় না। কখনও কখনও একটুখানি ‘ভাতঘুম’-ই হতে পারে সুস্থ জীবনের চাবিকাঠি!