‘ধুম ৪’-এ খলনায়ক রণবীর কপূর!
বলিউডের সবচেয়ে জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে অন্যতম ‘ধুম’। এই সিরিজের বিশেষ আকর্ষণ সব সময়ই ছিল তার স্টাইলিশ খলনায়করা— যাঁদের উপস্থিতি অনেক সময় নায়কদেরও ছাপিয়ে গেছে। আর তাই ‘ধুম ৪’ নিয়ে নতুন করে জল্পনা শুরু হতেই দর্শকদের কৌতূহল তুঙ্গে। এবার শোনা যাচ্ছে, এই ছবিতে নাকি খলচরিত্রে দেখা যেতে পারে রণবীর কপূরকে।
২০০৪ সালে প্রথম ‘ধুম’ মুক্তির পর থেকেই এই ফ্র্যাঞ্চাইজি আলাদা জায়গা করে নেয় দর্শকদের মনে। জন আব্রাহামের ধূর্ত ও স্টাইলিশ ভিলেন চরিত্র তখনই ব্যাপক প্রশংসা পায়। এরপর ‘ধুম ২’-এ হৃতিক রোশন ও ঐশ্বর্যা রাইয়ের রসায়ন এবং হৃতিকের স্মার্ট খলনায়ক চরিত্র ছবিকে আরও জনপ্রিয় করে তোলে। ‘ধুম ৩’-তে আমির খান ভিলেনের ভূমিকায় অভিনয় করলেও ছবিটি আগের দু’টির মতো বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি।
এই ধারাবাহিকতায় এবার ‘ধুম ৪’ নিয়ে পরিকল্পনা করছে যশরাজ ফিল্মস। বলিউডের অন্দরের খবর, নির্মাতারা এমন একজন শক্তিশালী অভিনেতাকে খুঁজছেন যিনি খলনায়কের চরিত্রে নতুন মাত্রা যোগ করতে পারবেন। সেই জায়গায় রণবীর কপূরের নামই নাকি এখন সবচেয়ে বেশি আলোচনায়।
তবে এখনও কিছুই চূড়ান্ত হয়নি। সূত্রের দাবি, ছবির চিত্রনাট্য নিয়েই দীর্ঘদিন ধরে পরীক্ষা-নিরীক্ষা চলছে। প্রায় ১৩ বছর ধরে ‘ধুম ৪’-এর স্ক্রিপ্ট নিয়ে কাজ করছে যশরাজ ফিল্মস। এমনকি প্রযোজক আদিত্য চোপড়া ইতিমধ্যেই ন’টি চিত্রনাট্য বাতিল করেছেন বলে শোনা যাচ্ছে। ফলে গল্প চূড়ান্ত না হওয়া পর্যন্ত অভিনেতা নির্বাচনের বিষয়টিও অনিশ্চিতই রয়ে গেছে।
এদিকে রণবীর কপূর নিজেও এখন একাধিক বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত। সঞ্জয় লীলা ভন্সালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’, নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ এবং পরে সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘অ্যানিম্যাল পার্ক’— সব মিলিয়ে তাঁর হাতে কাজের চাপ যথেষ্ট। ফলে ‘ধুম ৪’-এ তাঁর যুক্ত হওয়ার সম্ভাবনা থাকলেও, সময় মিলবে কি না সেটাও বড় প্রশ্ন।
যশরাজ ফিল্মসের সঙ্গে রণবীরের সম্পর্ক নতুন নয়। এর আগে তিনি তাদের ‘শামশেরা’ ছবিতে অভিনয় করেছিলেন, যদিও ছবিটি বক্স অফিসে প্রত্যাশামতো সাফল্য পায়নি। তাই ‘ধুম ৪’-এর মতো বড় ফ্র্যাঞ্চাইজিতে তাঁকে নিয়ে ফের নতুন করে বাজি ধরবে কি না, সেটাও এখনও স্পষ্ট নয়।
সব মিলিয়ে এখনই নিশ্চিত কিছু না জানা গেলেও, খলনায়ক হিসেবে রণবীর কপূরের সম্ভাব্য উপস্থিতির খবরই ভক্তদের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। ‘ধুম’-এর ইতিহাস বলছে— এই সিরিজে ভিলেনই আসল নায়ক। তাই নতুন অধ্যায়ে কে সেই জায়গা নেবেন, তা জানার অপেক্ষাতেই রয়েছেন দর্শকরা।
প্রোটিন শেক নয়, ‘ঘরোয়া খিচুড়ি’ই ভরসা: শরীরচর্চার পরে হৃতিক রোশন যা খান, জানলে চমক লাগবেই