ব্যস্ততার চাপে জীতু কমল কি পিছিয়ে দিচ্ছেন ছবির মুক্তি?
পয়লা বৈশাখে মুক্তির কথা ছিল টলিউডে সাঁই প্রকাশের দ্বিতীয় প্রযোজনা ‘এরাও মানুষ’। কিন্তু বাস্তব চিত্রটা এখন খানিকটা অন্য রকম। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, গত এক মাসেরও বেশি সময় ধরে নাকি ছবির শুটিং কার্যত বন্ধ। এখনও বাকি রয়েছে দু’টি গান-সহ কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্যের কাজ। ফলে নির্ধারিত দিনে ছবিটি মুক্তি পাবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতেই শুরু করেছে।
এই জটের কেন্দ্রে উঠে আসছে নায়ক জীতু কমলের নাম। শোনা যাচ্ছে, কাজের চাপে আপাতত ছবির জন্য সময় বের করাই মুশকিল হয়ে পড়েছে তাঁর পক্ষে। বর্তমানে তিনি জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ নায়কের ভূমিকায় অভিনয় করছেন। ছোটপর্দার শুটিং মানেই প্রায় প্রতিদিনের ব্যস্ততা। তার সঙ্গে যোগ হয়েছে ফ্যাশন শুট, বিভিন্ন অনুষ্ঠান ও ব্যক্তিগত কাজ। এর মধ্যেই ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু হওয়ার কথা অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ছবি ‘চোর’-এর শুটিং, যেখানে আবারও নায়ক জীতুই। সব মিলিয়ে শিডিউল যেন ঠাসা ক্যালেন্ডার।
টলিপাড়ার গুঞ্জন বলছে, ছবির প্রযোজক ও পরিচালক নিয়মিতই নায়কের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবু সময়ের জট পুরোপুরি কাটছে না। ফলে স্বাভাবিক ভাবেই বিষয়টি পৌঁছে গিয়েছে ফেডারেশনের কানেও। সংগঠনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, আনুষ্ঠানিক অভিযোগ না এলেও সমস্যা সম্পর্কে তিনি অবগত। তাঁর কথায়, ওই সময়ে ধারাবাহিকে নায়িকা বদল-সহ একাধিক কারণে জীতুর পক্ষে সময় দেওয়া কঠিন হয়ে পড়েছিল। তখন ফেডারেশনের তরফ থেকেও নায়ককে সময় দেওয়ার অনুরোধ জানানো হয়।
প্রযোজক সাঁই প্রকাশ এই মুহূর্তে কলকাতার বাইরে থাকায় বিস্তারিত মন্তব্য করতে চাননি। তবে পরিচালক অমিত তালুকদার বিষয়টি খোলাখুলি স্বীকার করেছেন। তাঁর কথায়, “দুটো গান-সহ কয়েকটি দৃশ্য এখনও বাকি। শুধু জীতু নন, অন্যান্য অভিনেতা ও টেকনিশিয়ানদের তারিখ মিলিয়েই শুটিংয়ের পরিকল্পনা হচ্ছে। আশা করছি, খুব শিগগিরই কাজ শেষ করা যাবে।”
এ দিকে খবর, বিষয়টি নিয়ে আলোচনা করতে ফেডারেশন নাকি মঙ্গলবার জীতুকে ডেকে পাঠাতে পারে। স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে জানানো হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সব মিলিয়ে পরিস্থিতি বলছে, ফের সমালোচনার আলোয় জীতু কমল। যদিও এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। শুটিংয়ে ব্যস্ত থাকায় ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁর আপ্তসহকারীর বক্তব্য, “যা বলার, জীতুই নিজে বলবেন।” এখন দেখার, ব্যস্ততার জট কাটিয়ে ‘এরাও মানুষ’ কবে আবার ক্যামেরার সামনে ফিরে আসে—এবং পয়লা বৈশাখের মুক্তি আদৌ সম্ভব হয় কি না।
‘স্পিরিট’-এ প্রভাসের ১৬০ কোটি! নায়িকাদের পারিশ্রমিকের ফারাক ঘিরে নতুন চর্চা