প্রজাতন্ত্র দিবসের আগে আতঙ্ক!
প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে রাজস্থান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের খবরে নড়েচড়ে বসেছে নিরাপত্তা মহল। পুলিশের অভিযানে একসঙ্গে ৯,৫৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে, যা রাখা ছিল ১৮৭টি বস্তায়। আরডিএক্স তৈরিতে ব্যবহৃত এই রাসায়নিকের এত বড় মজুত ঘিরে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে—এর পিছনে কি কোনও বড় নাশকতার ছক ছিল?
সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় সুলেমান খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশ। তিনি নাগৌর জেলার হারসৌর গ্রামের বাসিন্দা। কেন এত বিপুল পরিমাণ বিস্ফোরক তাঁর কাছে মজুত ছিল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তদন্তে প্রয়োজনে কেন্দ্রীয় সংস্থার সাহায্য নেওয়া হতে পারে বলেও জানিয়েছে পুলিশ।
শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে হারসৌর গ্রামের একটি গুদামে হানা দেয় পুলিশ। সেখানেই মেলে বস্তার পর বস্তা বিস্ফোরক। রবিবার রাতে সাংবাদিক বৈঠকে নাগৌরের পুলিশ সুপার মৃদুল কছওয়া জানান, উদ্ধার হওয়া অ্যামোনিয়াম নাইট্রেট অত্যন্ত সংবেদনশীল পদার্থ। অতীতে একাধিক ভয়াবহ বিস্ফোরণে এই রাসায়নিক ব্যবহার হয়েছে।
শুধু অ্যামোনিয়াম নাইট্রেট নয়, ওই গুদাম থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক তৈরির আরও নানা সামগ্রী—ডিটোনেটর তৈরির ৯টি কার্টন, ১৫ বান্ডিল ব্লু ফিউজ় তার, ১২টি কার্টন এবং ৫ বান্ডিল রেড ফিউজ় তার। ধৃত সুলেমানের বিরুদ্ধে আগেও তিনটি মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই বিস্ফোরকগুলি নাশকতার জন্য নয়, বরং আইনি ও বেআইনি খননকাজে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। তবে জেরার মুখে অভিযুক্ত সন্তোষজনক উত্তর দিতে পারেননি। সেই কারণে বিস্ফোরক আইনে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
এই ঘটনার গুরুত্ব আরও বেড়ে যায় সাম্প্রতিক অতীতের দিকে তাকালে। গত নভেম্বরে দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের আগে হরিয়ানা-সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গা থেকে প্রায় ২,৯০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছিল। সেই ঘটনার সঙ্গে বিস্ফোরকের যোগও মিলেছিল। ফলে প্রজাতন্ত্র দিবসের আগে রাজস্থান থেকে একসঙ্গে প্রায় ১০ হাজার কেজি বিস্ফোরক উদ্ধারের ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে।
প্রশ্ন উঠছে—কড়া নিরাপত্তার মধ্যেও কি কোথাও বড় হামলার পরিকল্পনা চলছিল? নাকি পুলিশের তৎপরতায় বড় বিপদ এড়ানো গেল? এই সব প্রশ্নের উত্তর মিলবে ধৃতকে আরও জিজ্ঞাসাবাদের পরেই। তবে আপাতত এটুকু নিশ্চিত, রাজস্থান পুলিশের তৎপরতায় বড়সড় আশঙ্কা থেকে রক্ষা পেয়েছে দেশ।
‘স্পিরিট’-এ প্রভাসের ১৬০ কোটি! নায়িকাদের পারিশ্রমিকের ফারাক ঘিরে নতুন চর্চা