সাবধান হোন সময় থাকতে
আজকের ব্যস্ত জীবনে কাজ যেন সবার সঙ্গী হয়ে উঠেছে। তবে অনেকের ক্ষেত্রে এই কাজের প্রতি অতিরিক্ত দায়বদ্ধতা পরিণত হয় মানসিক চাপে। অফিসের কাজ শেষ হলেও মনের মধ্যে কাজের চিন্তা ঘুরতে থাকে। এমনকি ছুটির দিনেও শান্তি মেলে না। এই সমস্যাকেই বলা হয় ‘লিজ়ার সিকনেস’।
যাঁরা কাজপাগল, তাঁদের জন্য ছুটি অনেক সময় আনন্দের বদলে বিড়ম্বনা হয়ে দাঁড়ায়। সপ্তাহের প্রতিটি দিন অফিসে থাকাটা তাঁদের অভ্যাসে পরিণত হয়। কিন্তু যখন বাধ্য হয়ে বিশ্রাম নিতে হয়, শরীর তখন সেই ছন্দে সাড়া দেয় না। টানা কাজের ক্লান্তি তখন মাথাব্যথা, গায়ে ব্যথা বা অতিরিক্ত অবসাদ তৈরি করে। মনের মধ্যেও অস্থিরতা বাড়ে। অফিস থেকে দূরে থাকার এই অস্বস্তিই ছুটির দিনগুলোকে নষ্ট করে দেয়।
বিশেষজ্ঞদের মতে, এই সমস্যার মূল কারণ অতিরিক্ত দায়িত্ববোধ এবং কাজের সঙ্গে গভীর সংযোগ। অফিসে না থাকলেও মানসিকভাবে অফিসের সঙ্গেই যুক্ত থাকেন এমন মানুষরা। এর ফলে উদ্বেগ বাড়ে এবং বিশ্রামের দিনও চাপের মধ্যে কেটে যায়।
সমাধানের পথ
১) ডিজিটাল ডিটক্স: আধুনিক কাজের অনেকটাই ইন্টারনেট-নির্ভর। মোবাইল বা ল্যাপটপে অফিসের ইমেল বা বার্তা দেখা অভ্যাসে পরিণত হয়েছে। তাই ছুটির সময়ে প্রযুক্তি থেকে দূরে থাকার চেষ্টা করা জরুরি। এতে মনকে চাপমুক্ত করা সহজ হয়।
২) নিজের সময় তৈরি করুন: গান শোনা, বই পড়া, সিনেমা দেখা, পরিবারের সঙ্গে সময় কাটানো বা যোগাভ্যাস করতে পারেন। নিজের পছন্দের কাজের সঙ্গে সময় কাটালে মনের চাপ কমে যায়।
৩) পরিকল্পনা করুন: ছুটির দিনে কী কী ব্যক্তিগত কাজ করবেন তার একটি তালিকা আগে থেকেই তৈরি করুন। এতে দিনটা ব্যস্ত কাটবে, আর অফিসের চিন্তা মাথায় আসবে না।
৪) ধ্যান ও শরীরচর্চা: মনের একাগ্রতা ও শারীরিক শক্তি বাড়ানোর জন্য ধ্যান বা শরীরচর্চা কাজে আসবে। কাজের সময় কাজ, আর ছুটির সময় নিজের জন্য—এই ভাবনাটা মেনে চলা জরুরি।
৫) বিশেষজ্ঞের সাহায্য নিন: অফিসের চাপ যদি ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে শুরু করে বা মানসিক সমস্যার সৃষ্টি করে, তবে মনোবিদের পরামর্শ নেওয়া উচিত। সময়মতো ব্যবস্থা নিলে মানসিক স্বাস্থ্যের অবনতি রোধ করা সম্ভব।
‘লিজ়ার সিকনেস’ প্রমাণ করে কাজের প্রতি অতিরিক্ত আসক্তি শরীর ও মনের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ছুটি মানে শুধু বিশ্রাম নয়, নিজেকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার সময়। কাজের মতোই বিশ্রামও জীবনের অঙ্গ, তাই তাকে অবহেলা না করে গুরুত্ব দেওয়া জরুরি।
ওড়িশায় ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি, ১৩৯৬ কোটির প্রতারণা মামলায় উদ্ধার কোটি টাকার সম্পদ