মাতৃত্ব ঘোষণা করতেই সমালোচনার মুখে পরিণীতি
বিয়ের দুই বছর পর খুশির খবর দিয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং রাজনীতিক রাঘব চড্ডা। সোমবার নিজেদের অন্তঃসত্ত্বা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনেন তাঁরা। কিন্তু এর পরেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। কারণ, বহু বছর আগে এক সাক্ষাৎকারে পরিণীতি জানিয়েছিলেন, তিনি সন্তান দত্তক নিতে চান। সেই পুরনো মন্তব্য এখন খুঁটিয়ে সমালোচকরা কটাক্ষ ছুড়ছেন অভিনেত্রীর দিকে।
কয়েক মাস ধরে পরিণীতির অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন চলছিল। অবশেষে সোমবার অভিনেত্রী ইনস্টাগ্রামে পোস্ট করে জল্পনাকে সত্যি প্রমাণ করেন। পোস্টে তিনি একটি ভ্যানিলা কেকের ছবি দেন, যার উপর লেখা ছিল, “1+1=3”। ক্যাপশনে পরিণীতি লেখেন, “আমাদের ছোট্ট দুনিয়া আসছে। কৃতজ্ঞতায় ভরা মন, ভাষায় প্রকাশ করা কঠিন।” এই খুশির ঘোষণার মাঝেই নিন্দুকরা ২০১৩ সালের এক পুরনো সাক্ষাৎকার টেনে আনেন।
সেই সাক্ষাৎকারে মাতৃত্ব নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছিলেন পরিণীতি। তিনি বলেছিলেন, “আমি বাচ্চা খুব ভালবাসি। আমি অনেকগুলো সন্তান চাই। কিন্তু বারবার সন্তানধারণ সম্ভব নয়, তাই দত্তক নেব। সেটাই আমার কাছে সঠিক পথ।” সেই মন্তব্য সামনে আসতেই সমালোচকরা লিখছেন, “দত্তক নেওয়ার কথা বলেছিলেন, কিন্তু শেষমেশ মাতৃত্বের পথই বেছে নিলেন।”
শুধু মাতৃত্ব নয়, প্রেম সম্পর্ক নিয়েও সেই সাক্ষাৎকারে খোলাখুলি মত দিয়েছিলেন পরিণীতি। অভিনেত্রী বলেছিলেন, “আমি একেবারেই সাধারণ সম্পর্ক পছন্দ করি। ন্যাকা ন্যাকা প্রেম, ফুল বা দামি উপহার আমার একদম ভাল লাগে না। বাইরে খেতে যাওয়ার প্রস্তাব শুনলেই বিরক্তি লাগে। আমার ভাল লাগে বাড়িতে বসে আড্ডা দেওয়া, টিভি দেখা বা পিৎজা খাওয়া।”
তখনই তিনি আরও জানিয়েছিলেন, জীবনে কোনও রাজনীতিককে বিয়ে করার কথা তিনি কল্পনাও করতে পারেন না। কিন্তু ভাগ্যের পরিহাসে রাঘব চড্ডার প্রেমে পড়েন তিনি। আম আদমি পার্টির এই নেতা এবং রাজ্যসভার সদস্যের সঙ্গে ২০২৩ সালে বিয়ে হয় অভিনেত্রীর।
আজ তাঁদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। তবে মাতৃত্বের সুখবরের পাশাপাশি পুরনো মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। অনেকে বলছেন, মানুষের মত ও সিদ্ধান্ত সময়ের সঙ্গে বদলাতে পারে—কিন্তু খ্যাতিমানদের ক্ষেত্রে সেই পরিবর্তনও যেন সবসময় আলোচনার কেন্দ্রে থেকে যায়।
দক্ষিণী স্বাদের অনন্য ভর্তা: এল্লু থুভৈয়াল, গরম ভাতে ঘি মেখে খেতে একেবারে স্বর্গীয়