মুক্তির বার্তা চহালের!
বিবাহবিচ্ছেদের পর যুজবেন্দ্র চহাল ও ধনশ্রী বর্মার সম্পর্কের তিক্ততা বহুবার প্রকাশ্যে এসেছে। কখনও ইঙ্গিতপূর্ণ বার্তা, কখনও খোরপোশ নিয়ে টানাপোড়েন—সবই সামনে এসেছে। তবে সময়ের সঙ্গে জীবন এগিয়েছে দু’জনেরই। চহাল নতুন সম্পর্কে জড়িয়েছেন আরজে মহওয়াশের সঙ্গে, আর ধনশ্রী বর্মা প্রকাশ্যে জানালেন, তিনি আবার বিয়ে করতে চান।
প্রাক্তন স্ত্রীর এই ইচ্ছা সামনে আসতেই সমাজমাধ্যমে নীরব কিন্তু শক্তিশালী বার্তা দিলেন চহাল। পাহাড়ি উপত্যকায় দাঁড়ানো তাঁর একটি ছবি পোস্ট করেন তিনি। দু’হাত দু’দিকে ছড়িয়ে, পিছন ফিরে দাঁড়ানো চহাল যেন প্রকৃতিকে বুকে টেনে নিচ্ছেন। ছবির সঙ্গে তিনি লিখলেন, “মিলিয়ন ফিলিংস, জ়িরো ওয়ার্ডস।” অর্থাৎ, অসংখ্য অনুভূতি থাকলেও সেগুলোকে আর শব্দে প্রকাশ করতে চান না। অনেকেই মনে করছেন, ধনশ্রীর নতুন বিয়ের ইচ্ছা প্রকাশের পর এই পোস্ট আসা মোটেই কাকতালীয় নয়।
ধনশ্রী এক সাক্ষাৎকারে বলেন, “আমরা প্রত্যেকেই জীবনে ভালবাসা চাই। ভালবাসা মানুষকে এগিয়ে নিয়ে যায়। তবে আগে নিজেকে ভালবাসা জরুরি।” তিনি আরও যোগ করেন, “যদি আমার জীবনে ভাল কিছু আসে, আমি কেন তা গ্রহণ করব না? বাবা-মা, বন্ধুরাও চান আমি প্রেমে পড়ি। শেষমেশ তো আমরা সকলেই ভালবাসার জন্য ক্ষুধার্ত।”
অন্যদিকে চহালের পোস্ট থেকে স্পষ্ট, তিনি এখন নিজের মধ্যে শান্তি খুঁজে নিতে চাইছেন। প্রকৃতির মাঝে দাঁড়ানো তাঁর ভঙ্গি যেন বলে দিচ্ছে, অতীতের যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে নতুন করে বাঁচতে চান তিনি।
কখনও যাঁদের সম্পর্ক ছিল সুখী দম্পতির উদাহরণ, তাঁদের গল্প এখন দুই ভিন্ন জীবনের পথে হাঁটার কাহিনি। ধনশ্রী যখন ভবিষ্যতের স্বপ্ন বুনছেন, তখন চহাল নিজের ভেতরে শান্তি ও মুক্তি খুঁজছেন। হয়তো সময়ই বলে দেবে, তাঁদের জীবনে নতুন অধ্যায় কীভাবে লেখা হবে।