জুনেই ভোট বাংলাসহ চার রাজ্যে!
পশ্চিমবঙ্গসহ চারটি রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ১৯ জুন, বৃহস্পতিবার এই পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গণনা হবে ২৩ জুন, সোমবার। ইতিমধ্যেই রবিবার এই পাঁচটি উপনির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
কোথায় কোথায় উপনির্বাচন?
উপনির্বাচন হবে পশ্চিমবঙ্গের নদিয়ার কালীগঞ্জ, গুজরাতের কাদি এবং বিসাবদর, কেরলের নিলম্বুর, এবং পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম কেন্দ্রে। এই কেন্দ্রগুলোতে কোনও না কোনও কারণে আসন শূন্য হয়ে পড়েছিল—কোথাও নির্বাচিত বিধায়কের মৃত্যু, কোথাও আবার দলবদল কিংবা পদত্যাগের ফলে।
কালীগঞ্জে উপনির্বাচন কেন?
২০২১ সালের বিধানসভা নির্বাচনে নদিয়ার কালীগঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জিতেছিলেন নাসিরুদ্দিন আহমেদ, ঘনিষ্ঠ মহলে যিনি ‘লাল’ নামে পরিচিত ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে, এবং সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। এরপর থেকে এই আসনটি তিন মাস ধরে বিধায়কহীন ছিল। এবার সেই শূন্য আসনে উপনির্বাচনের দিন ঘোষণা হল।
গুজরাতের পরিস্থিতি
গুজরাতের কাদি কেন্দ্রেও বিধায়কের মৃত্যু ঘিরেই উপনির্বাচন হতে চলেছে। প্রয়াত বিধায়ক করসনভাই পঞ্জাভাই সোলাঙ্কি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। ৪ ফেব্রুয়ারি, ৬৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। অপরদিকে, গুজরাতের বিসাবদর কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে বিধায়ক ভূপেন্দ্রভাই ভয়ানির পদত্যাগের কারণে। তিনি আম আদমি পার্টির বিধায়ক ছিলেন, তবে ২০২৩ সালের ডিসেম্বরে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেন।
কেরল ও পঞ্জাবেও শূন্যতা
কেরলের নিলম্বুর কেন্দ্রের নির্দল বিধায়ক পিভি আনওয়ার তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। তাঁর এই দলবদলের পর কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন হয়। অন্যদিকে, পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম কেন্দ্রের বিধায়ক ছিলেন আম আদমি পার্টির গুরপ্রীত বস্সি গোগি। জানুয়ারি মাসে নিজের বাড়িতে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। পরিবারের মতে, তিনি পিস্তল পরিষ্কার করার সময় অসাবধানতাবশত গুলি চালিয়ে ফেলেন।
নির্বাচন কমিশনের প্রস্তুতি
নির্বাচন কমিশন ইতিমধ্যেই ভোটগ্রহণ ও গণনার তারিখ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সব রাজ্যে ভোট হবে ১৯ জুন, আর ফলাফল ঘোষণা করা হবে ২৩ জুন। এর মধ্য দিয়ে একাধিক রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হচ্ছে।
বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা, আগামী সপ্তাহে দক্ষিণের ছয় জেলায় মুষলধারে বৃষ্টি