ওয়াকফ সম্পত্তির হদিস কোথায়? শ্বেতপত্র প্রকাশের দাবিতে মুখ খুললেন অধীর চৌধুরী

ওয়াকফ সম্পত্তির হদিস কোথায়? রাজ্যে ঠিক কত সংখ্যক ওয়াকফ সম্পত্তি রয়েছে, তার নির্ভরযোগ্য তালিকা কোথায়? কেন আজও জনসমক্ষে আসছে না সেই তথ্য? এই প্রশ্ন তুলে একাধিক অভিযোগ নিয়ে সরব হলেন…

May 4, 2025
1 min read

ওয়াকফ সম্পত্তির হদিস কোথায়?

রাজ্যে ঠিক কত সংখ্যক ওয়াকফ সম্পত্তি রয়েছে, তার নির্ভরযোগ্য তালিকা কোথায়? কেন আজও জনসমক্ষে আসছে না সেই তথ্য? এই প্রশ্ন তুলে একাধিক অভিযোগ নিয়ে সরব হলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। শনিবার বহরমপুর টেক্সটাইল মোড়ে ওয়াকফ আইন বাতিলের দাবিতে আয়োজিত এক জনসভা থেকে তিনি সরাসরি রাজ্য ও কেন্দ্র—দুই পক্ষকেই তুলোধোনা করলেন।

তিনি দাবি করেন, “ওয়াকফ সম্পত্তির সঠিক ব্যবহার হলে মুসলিম সমাজের জন্য বছরে ১২ থেকে ১৫ হাজার কোটি টাকা আয় সম্ভব। এটা কোনও ধর্মীয় লড়াই নয়। এটা সাংবিধানিক অধিকার রক্ষার লড়াই।” অধীরের মতে, বর্তমান ওয়াকফ আইন শুধুমাত্র ক্ষমতার অপব্যবহারেই উৎসাহ জোগাচ্ছে।

সেইসঙ্গে তিনি কেন্দ্র ও রাজ্য—উভয় সরকারের কাছে স্পষ্ট দাবি রাখেন, “ওয়াকফ সংক্রান্ত যাবতীয় সম্পত্তির তালিকা-সহ একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ করতে হবে।”

সাম্প্রতিক সময়ে সংশোধিত ওয়াকফ আইন নিয়ে মুর্শিদাবাদের বহু এলাকায় যে সংঘর্ষ ও অশান্তি দেখা দিয়েছে, তাতেও উদ্বেগ প্রকাশ করেন অধীর। সুতি, ধুলিয়ান, শমসেরগঞ্জ-সহ একাধিক এলাকায় গোষ্ঠী সংঘর্ষে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে তিন জনের, লুটপাট ও ভাঙচুর হয়েছে বহু দোকান ও বাড়িতে। এই পটভূমিকাতেই সোমবার মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের আগে অধীরের এই হুঁশিয়ারি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

সভায় অধীর আরও বলেন, “এই সম্পত্তি নবাবদের আমলের, এগুলো মুর্শিদাবাদের ঐতিহ্য। কংগ্রেস কর্মীদের এগিয়ে এসে এই সম্পত্তি রক্ষা করতে হবে।” রাজ্য বিধানসভায় ওয়াকফ আইনের বিরুদ্ধে সর্বদলীয় প্রস্তাব আনার দাবিও তোলেন তিনি।

এই সভায় অধীর চৌধুরীর সঙ্গে ছিলেন মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী মনোজ চক্রবর্তী। ইশা খান চৌধুরী বলেন, “ওয়াকফ ইস্যুতে গোটা দেশে ঘৃণার বাতাবরণ তৈরি হচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কংগ্রেস উন্নয়ন চাইছে সৌভ্রাতৃত্বের মধ্য দিয়ে, বিদ্বেষের মাধ্যমে নয়।”

মমতার সফরে তাঁর প্রশাসনিক বৈঠকের পাশাপাশি শমসেরগঞ্জের সাম্প্রতিক হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে দেখা করারও কথা রয়েছে। ঠিক তার আগেই অধীরের এই অবস্থান রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। ওয়াকফ সম্পত্তিকে ঘিরে যে বিতর্ক রাজ্য জুড়ে ক্রমশ বেড়ে চলেছে, তাতে এই সভা নতুন মাত্রা যোগ করল বলেই রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

কাশ্মীরে টানা ৮ দিন সংঘর্ষবিরতি লঙ্ঘন, পাঁচ জায়গায় গুলি পাক সেনার! পাল্টা জবাব দিল ভারতীয় সেনাও

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *