সীমার ‘কালো জাদু’র টানে গুজরাত থেকে নয়ডায়!
নয়ডায় পাকিস্তানি বধূ সীমা হায়দারের বাড়িতে হঠাৎ করে প্রবেশ করে চাঞ্চল্য সৃষ্টি করলেন এক অচেনা যুবক। তাঁর দাবি, সীমা নাকি তাঁর ওপর ‘কালো জাদু’ করেছেন! এই অভিযোগ নিয়ে সুদূর গুজরাত থেকে ট্রেন ও বাসে চেপে সীমার কাছে চলে এলেন তিনি।
ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায়। অভিযুক্ত যুবকের নাম তেজস, গুজরাতের সুরেন্দ্র নগরের বাসিন্দা। তিনি সন্ধ্যা ৭টা নাগাদ সরাসরি সীমার বাড়িতে গিয়ে হাজির হন এবং অভিযোগ অনুযায়ী, জোর করে ভিতরে ঢুকে পড়েন। এতেই চমকে ওঠেন এলাকার মানুষজন। স্থানীয়রাই তৎপর হয়ে ওই যুবককে আটক করেন ও পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে নিয়ে যায়।
প্রাথমিক জেরায় তেজস জানান, সীমা নাকি তাঁর ওপর ‘কালো জাদু’ করেছেন এবং সেই কারণেই তিনি বাধ্য হয়েছেন সীমার কাছে আসতে। পুলিশের পক্ষ থেকে সন্দেহ করা হচ্ছে, তেজস হয়তো মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন। তাঁর মোবাইল ঘেঁটে পুলিশ সীমার একাধিক ছবি পেয়েছে।
নয়ডার রাবুপুরা কোতওয়ালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুজিত উপাধ্যায় জানান, যুবক প্রথমে গুজরাত থেকে ট্রেনে করে দিল্লিতে আসেন, সেখান থেকে বাসে নয়ডায় পৌঁছে সরাসরি সীমার বাড়িতে চলে আসেন। কী উদ্দেশ্যে তিনি এসেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
সীমা হায়দার প্রথম আলোচনায় আসেন ২০২৩ সালে। পাকিস্তানের সিন্ধ প্রদেশের জেকোবাবাদ থেকে প্রেমের টানে তিনি সীমান্ত পেরিয়ে চলে আসেন উত্তরপ্রদেশের নয়ডায়। পরে ভারতীয় যুবক সচিন মীনাকে বিয়ে করেন। এই ঘটনাই দেশে চাঞ্চল্য তৈরি করেছিল এবং সীমা তখন থেকেই বহু বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।
এই ঘটনার পর আবারও সীমা শিরোনামে। এবার কোনো প্রেম নয়, বরং ‘কালো জাদু’র টান! এক অচেনা যুবকের এমন আচরণে নেটপাড়াতেও শুরু হয়েছে আলোচনা, নানা রকম মিম ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। কেউ বলছেন, “সীমার প্রেম এতটাই শক্তিশালী যে সেটা জাদুর মতো কাজ করছে”, আবার কেউ ঠাট্টা করে লিখছেন, “বর্ডার পার হওয়াও মেনে নেওয়া যায়, কিন্তু গুজরাত থেকে কালো জাদুর টানে নয়ডা পৌঁছানো সত্যিই লজিকের বাইরে!”
পুলিশ এখন তেজসের মানসিক অবস্থা খতিয়ে দেখছে। তিনি আদৌ বিপজ্জনক কি না, সীমার বা তাঁর পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে কি না—এই সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
এই অদ্ভুত ঘটনা আবারও প্রমাণ করল, সীমা হায়দার নামটা শুধু খবরের শিরোনামেই সীমাবদ্ধ নয়, যেন বাস্তবের রোমাঞ্চ উপন্যাস!
কাশ্মীরে টানা ৮ দিন সংঘর্ষবিরতি লঙ্ঘন, পাঁচ জায়গায় গুলি পাক সেনার! পাল্টা জবাব দিল ভারতীয় সেনাও