৪৯ সেকেন্ড বাকি থাকতে অভিষেকের গোল! পাকিস্তানকে হারিয়ে এশিয়াডের হকি ফাইনালে ভারত

পাকিস্তানকে হারিয়ে এশিয়াডের হকি ফাইনালে ভারত! শেষ বাঁশি বাজার আর ৪৯ সেকেন্ড বাকি। ম্যাচ তখন ৩-৩। মনে হচ্ছিল, টাইব্রেকারেই হয়তো ঠিক হবে ভারত-পাকিস্তান হকি সেমিফাইনালের ভাগ্য। ঠিক তখনই সার্কেলে ঢুকে…

October 1, 2026
1 min read

পাকিস্তানকে হারিয়ে এশিয়াডের হকি ফাইনালে ভারত!

শেষ বাঁশি বাজার আর ৪৯ সেকেন্ড বাকি। ম্যাচ তখন ৩-৩। মনে হচ্ছিল, টাইব্রেকারেই হয়তো ঠিক হবে ভারত-পাকিস্তান হকি সেমিফাইনালের ভাগ্য। ঠিক তখনই সার্কেলে ঢুকে শট নিলেন অভিষেক। পাকিস্তানের গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়িয়ে গেল। শেষ মুহূর্তের সেই গোলেই ৪-৩ ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসের পুরুষদের হকি ফাইনালে উঠে গেল ভারত।

চলতি এশিয়াডে এর আগে প্রতিটি ম্যাচেই বড় ব্যবধানে জিতেছিল হরমনপ্রীত সিংহের দল। সেই আত্মবিশ্বাস নিয়েই সেমিফাইনালে নেমেছিলেন তাঁরা। শুরুটাও হয়েছিল স্বপ্নের মতো।

পঞ্চম মিনিটেই পেনাল্টি কর্নার পায় ভারত। সুযোগ নষ্ট করেননি অধিনায়ক হরমনপ্রীত। তাঁর ড্র্যাগ-ফ্লিকেই এগিয়ে যায় ভারত। প্রথম কোয়ার্টার শেষ হওয়ার আগেই আবার পেনাল্টি কর্নার থেকে গোল করেন তিনি। ১৩ মিনিটে ব্যবধান ২-০ করে ভারত।

দ্বিতীয় কোয়ার্টারেও দাপট বজায় ছিল ভারতের। পাকিস্তানের গোলের সামনে একের পর এক আক্রমণ তৈরি হচ্ছিল। ২৩ মিনিটে তৃতীয় গোল করেন সুখজিৎ সিংহ। তখন দেখে মনে হচ্ছিল, আগের ম্যাচগুলির মতোই সহজ জয় পেতে চলেছে ভারত।

কিন্তু পাকিস্তান ম্যাচে ফিরতে শুরু করে। দ্বিতীয় কোয়ার্টার শেষ হওয়ার ঠিক আগে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আবু মাহমুদ। সেই গোল পাকিস্তানের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।

তৃতীয় কোয়ার্টারে ম্যাচের চরিত্রই বদলে যায়। পাকিস্তান আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৩৮ মিনিটে আহমেদ বাট হলুদ কার্ড দেখায় পাঁচ মিনিট ১০ জনে খেলতে হয় তাদের। পরে ৪৩ মিনিটে সবুজ কার্ড দেখেন ভারতের দিলপ্রীত সিংহ। ফলে তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে দু’দলই ১০ জনে খেলছিল।

সেই পরিস্থিতির সুযোগ নেয় পাকিস্তান। কোয়ার্টারের শেষ মিনিটে ডান প্রান্ত ধরে ভারতের সার্কেলে ঢুকে পড়ে তারা। ভারতের রক্ষণের ফাঁক কাজে লাগিয়ে গোল করেন হান্নান শাহিদ। ম্যাচের ব্যবধান তখন ৩-২।

চতুর্থ কোয়ার্টারে ভারত কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে। কিন্তু তাতেও পাকিস্তানের আক্রমণ আটকানো যায়নি। ৪৯ মিনিটে আবার ডান প্রান্ত ধরে আক্রমণ তৈরি করে পাকিস্তান। ওয়াহিদ রানা গোল করে স্কোর ৩-৩ করে দেন।

এর পর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে ভারত। আক্রমণের ঝাঁঝ বাড়লেও গোল আসছিল না। টাইব্রেকারের সম্ভাবনাই তখন বেশি মনে হচ্ছিল। ঠিক সেই সময়, ম্যাচ শেষ হওয়ার ৪৯ সেকেন্ড আগে অভিষেকের দুরন্ত শট ভারতকে কাঙ্ক্ষিত গোল এনে দেয়।

শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জয় ভারতের। পুরুষদের হকিতে পাকিস্তানের বিরুদ্ধে গত ১০ বছর ধরে অপরাজিত ভারত। এই ম্যাচে বলের দখলও ছিল ভারতের হাতে। পাকিস্তানের ১২টির তুলনায় ২২ বার সার্কেলে ঢুকেছিল ভারত। কিন্তু এতটা দাপটের পরেও ম্যাচ সহজে জিততে পারেনি হরমনপ্রীতেরা।

ফাইনালের আগে তাই জয় যেমন স্বস্তি দেবে, তেমনই ভারতের রক্ষণ নিয়ে চিন্তার জায়গাটাও স্পষ্ট করে দিল এই সেমিফাইনাল।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow
Explore More on These Topics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *