জিমে যাওয়ার আগে ছোট ছোট অভ্যাসেই ভরসা শ্বেতা তিওয়ারির!
৪৫ বছর বয়সেও তাঁর তারুণ্য, ফিটনেস আর উজ্জ্বল ত্বক বারবার চর্চার বিষয় হয়ে ওঠে। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারিকে দেখে বয়স আন্দাজ করা কঠিন বলেই মনে করেন অনুরাগীরা। অনেকেই তো মেয়ে পলক তিওয়ারির সঙ্গে তাঁকে দুই বোন বলেই ভুল করেন। কিন্তু এই ফিটনেসের নেপথ্যে শুধু শরীরচর্চা নয়, রয়েছে কিছু সহজ অথচ নিয়মিত অভ্যাসও।
নিজের ভ্লগে মাঝেমধ্যেই দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন শ্বেতা। সম্প্রতি তিনি দেখিয়েছেন, জিমে যাওয়ার আগে কীভাবে ত্বকের যত্ন নেন এবং ব্যাগে কী কী প্রয়োজনীয় জিনিস রাখেন। তাঁর এই ছোট ছোট অভ্যাসই ফিটনেস ও স্বাস্থ্য সচেতনতার এক সুন্দর উদাহরণ।
জিমে যাওয়ার আগে ত্বকের যত্ন
শ্বেতা জিমে যাওয়ার আগে ভারী কোনও স্কিনকেয়ার রুটিন অনুসরণ করেন না। মুখে হালকা ময়েশ্চারাইজ়ার ব্যবহার করেন, তার সঙ্গে অবশ্যই সানস্ক্রিন এবং ঠোঁটে লিপ বাম লাগান। বিশেষজ্ঞদের মতে, বাইরে বা আলোযুক্ত জায়গায় ব্যায়াম করলে সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। শুষ্ক ত্বকের ক্ষেত্রে হালকা, তেলহীন ময়েশ্চারাইজ়ার উপকারী হলেও ভারী ক্রিম বা মেকআপ এড়িয়ে চলাই ভালো। কারণ ঘামের সঙ্গে মিশে সেগুলি ত্বকের রন্ধ্র বন্ধ করে ব্রণ বা জ্বালাভাবের সমস্যা তৈরি করতে পারে।
শারীরচর্চা শেষ হওয়ার পরও ত্বকের যত্নে বিশেষ গুরুত্ব দেন শ্বেতা। স্নানের পর এমন ময়েশ্চারাইজ়ার ব্যবহার করেন, যাতে হায়ালুরোনিক অ্যাসিড ও সেরামাইডের মতো উপাদান থাকে। এগুলি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। পাশাপাশি ঢিলেঢালা পোশাক পরলে ত্বকও আরাম পায়।
জিম ব্যাগে কী কী থাকে?
শ্বেতার মতে, জিম ব্যাগ শুধু পোশাক রাখার জন্য নয়, বরং একটি গোছানো ফিটনেস কিট। তাই তাঁর ব্যাগে সব সময় থাকে ব্যায়ামের জুতো, একজোড়া মোজা, অতিরিক্ত পোশাক এবং একবার ব্যবহারযোগ্য তোয়ালে। ভেজা তোয়ালে দীর্ঘক্ষণ ব্যাগে রাখার ঝামেলা এড়াতেই তিনি ডিসপোজেবল তোয়ালে ব্যবহার করেন।
এ ছাড়া ব্যাগে থাকে রেজ়িস্ট্যান্স ব্যান্ড এবং লুপ ব্যান্ড, যা শক্তিবর্ধক ব্যায়াম, স্ট্রেচিং ও ওয়ার্ম-আপে কাজে লাগে। হালকা হওয়ায় এগুলি সহজেই সঙ্গে বহন করা যায়।
শ্বেতা ব্যাগের জিনিসপত্রও আলাদা থলেতে গুছিয়ে রাখেন। একটি থলেতে থাকে শৌচালয়ে ব্যবহারের প্রয়োজনীয় সামগ্রী, অন্যটিতে স্নানের পরের জিনিসপত্র এবং তৃতীয়টিতে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখার প্রয়োজনীয় সামগ্রী। এর পাশাপাশি সব সময় সঙ্গে রাখেন স্যানিটারি ন্যাপকিন এবং প্যান্টি লাইনারও।
শ্বেতা তিওয়ারির এই রুটিন দেখিয়ে দেয়, বয়স ধরে রাখার কোনও জাদুমন্ত্র নেই। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি পরিচ্ছন্নতা, ত্বকের যত্ন এবং দৈনন্দিন ছোট ছোট স্বাস্থ্যকর অভ্যাসই দীর্ঘদিন ফিট ও সতেজ থাকার অন্যতম চাবিকাঠি।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?