৪৪ বছর পর এশিয়াডে মহিলা হকিতে সোনা ভারত!
অপেক্ষার অবসান। ৪৪ বছর পর এশিয়ান গেমসে মহিলা হকিতে সোনা জিতল ভারত। শুক্রবার ফাইনালে শক্তিশালী চিনকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস তৈরি করল ভারতীয় দল। একমাত্র গোলটি করলেন লালরেমসিয়ামি। তাঁর ২০০তম আন্তর্জাতিক ম্যাচেই এল সেই ঐতিহাসিক সাফল্য। এই সোনা নিয়ে চলতি এশিয়ান গেমসে ভারতের সোনার সংখ্যা বেড়ে হল ১৬। পাশাপাশি লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের টিকিটও নিশ্চিত করল ভারত।
১৯৮২ সালে প্রথম বার এশিয়ান গেমসে মহিলা হকিতে সোনা জিতেছিল ভারত। তার পর দীর্ঘ ৪৪ বছর কেটে গেলেও আর সোনার পদক আসেনি। শুক্রবার সেই খরা কাটালেন সালিমা টেটে, লালরেমসিয়ামি, নবনীত কৌর, বিচু দেবীরা।
ম্যাচ অবশ্য নির্ধারিত সময়ে শুরু হয়নি। দুপুর সাড়ে ৩টেয় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও যানজটে আটকে যায় দুই দলের বাস। ফলে দলগুলি দেরিতে স্টেডিয়ামে পৌঁছয়। শেষ পর্যন্ত প্রায় এক ঘণ্টা পরে বিকেল সাড়ে ৪টেয় শুরু হয় ফাইনাল।
ম্যাচের আগে লালরেমসিয়ামিকে সম্মান জানানো হয়। ২০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। সেই ম্যাচকেই স্মরণীয় করে রাখলেন গোল করে। প্রথম কোয়ার্টারেই চিনের ডি-বক্সে বল পেয়ে সুযোগ তৈরি করেন ভারতীয়রা। বৃত্তের মধ্যে থেকে লালরেমসিয়ামির শট জালে জড়িয়ে যায়। ভারত এগিয়ে যায় ১-০।
এর পর অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিয়ে নেয় চিন। গত অলিম্পিক্সের রুপোজয়ী দলটি একের পর এক আক্রমণ করতে থাকে। দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোকও পায় তারা। কিন্তু ভারতের গোলকিপার বিচু দেবী অসাধারণ দক্ষতায় ঝাং ইংয়ের শট আটকে দেন। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে গোল বাঁচিয়ে দেন তিনি।
তৃতীয় কোয়ার্টারের শুরুতেও পেনাল্টি স্ট্রোকের সিদ্ধান্ত পেয়েছিল চিন। তবে রেফারালের পরে সিদ্ধান্ত বদলে যায়। পেনাল্টি কর্নার থেকেও চিনের আক্রমণ সামলে নেয় ভারত। সালিমা টেটের নেতৃত্বে জমাট রক্ষণ চিনকে বার বার আটকে দেয়।
শেষ কোয়ার্টারে চিনের চাপ আরও বাড়ে। ভারত তখন কার্যত রক্ষণেই ব্যস্ত। একের পর এক আক্রমণ করেও চিনের খেলোয়াড়েরা ভারতীয় রক্ষণ ভাঙতে পারেননি। ম্যাচের শেষ মুহূর্তে চিন গোলকিপারকে তুলে নিয়ে অতিরিক্ত এক জন ফিল্ড খেলোয়াড় নামায়। তাতেও গোলের মুখ খোলেনি তারা।
শেষ হুটার বাজতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে ভারতীয় দল। খেলোয়াড়েরা একে অপরকে জড়িয়ে ধরেন। কোচ শোয়ার্ড মারিনও সাপোর্ট স্টাফদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন। মাঠে নেমে খেলোয়াড়দের সঙ্গে যোগ দেন সেই উৎসবে।
৪৪ বছর পর এশিয়াডে মহিলা হকিতে সোনা—তার সঙ্গে অলিম্পিক্সের টিকিট। লালরেমসিয়ামির ২০০তম ম্যাচ তাই ভারতীয় হকির ইতিহাসে চিরকাল আলাদা হয়ে থাকবে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।