নীতা অম্বানীর বিলাসবহুল সংগ্রহে সবচেয়ে দামি কী?
ভারতের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী পরিবার অম্বানী পরিবারের সদস্য নীতা অম্বানী শুধু রিলায়্যান্স ফাউন্ডেশনের কর্ণধারই নন, তিনি ফ্যাশন ও বিলাসিতার জগতেও একটি পরিচিত নাম। তাঁর পোশাক, গয়না, ঘড়ি কিংবা ব্যক্তিগত সংগ্রহ— সবকিছুই প্রায়শই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।
বিশ্বের নানা প্রান্ত থেকে বিরল ও মূল্যবান সামগ্রী সংগ্রহ করার শখ রয়েছে নীতার। সেই তালিকায় যেমন রয়েছে কোটি টাকার গয়না, তেমনই রয়েছে বিলাসবহুল ঘড়ি, বিশেষ নকশার শাড়ি এবং এমনকি লক্ষাধিক টাকার প্রসাধনীও।
নীতার সংগ্রহে থাকা সবচেয়ে আলোচিত গয়নাগুলির মধ্যে অন্যতম একটি বাজুবন্ধ, যার মূল্য প্রায় ২০০ কোটি টাকা। এই অলঙ্কারটি আসলে মুঘল সম্রাট শাহজাহানের পাগড়ির ঐতিহাসিক ‘কলগি’ থেকে অনুপ্রাণিত। সোনা, হিরে, চুনি এবং স্পাইনেলের কাজ করা এই বিরল গয়নাটি শুধু দামের জন্য নয়, ঐতিহাসিক গুরুত্বের কারণেও বিশেষ মূল্যবান।
তবে এটিই একমাত্র বিস্ময় নয়। সম্প্রতি আলোচনায় এসেছে তাঁর একটি টিয়াপাখি-আকৃতির পেনডেন্ট। প্রায় ২০০ বছরের পুরোনো রাজকীয় নকশা থেকে অনুপ্রাণিত এই গয়নাটিতে রয়েছে পান্না, মুক্তো ও হিরের সূক্ষ্ম কাজ। এর আনুমানিক মূল্যও প্রায় ২০০ কোটি টাকার কাছাকাছি বলে জানা যায়।
গয়নার পাশাপাশি নীতার সংগ্রহে রয়েছে একটি দুর্লভ প্যারাইবা টুরমালিন নেকলেস। নীল রঙের বিরল পাথর এবং শত শত হিরে বসানো এই হারটির মূল্য প্রায় ১০০ কোটি টাকা। বিলাসবহুল অলঙ্কারের জগতে এটি একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ সংগ্রহ হিসেবে বিবেচিত হয়।
ফ্যাশনের প্রতি নীতার ভালোবাসার আরেকটি উদাহরণ তাঁর বিয়ের শাড়ি। আসল সোনার জরির কাজ এবং মূল্যবান পাথর দিয়ে সাজানো এই শাড়ির বর্তমান মূল্য প্রায় ৪০ কোটি টাকা বলে অনুমান করা হয়। দীর্ঘদিন পরেও এটি তাঁর অন্যতম প্রিয় সম্পদ।
শুধু গয়না বা পোশাক নয়, নীতার প্রসাধনীর সংগ্রহও কম চমকপ্রদ নয়। বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের বিলাসবহুল প্রসাধনীর মধ্যে এমন লিপস্টিকও রয়েছে, যার দাম প্রায় ৪০ লক্ষ টাকা। এছাড়া তিনি যে জলের বোতল ব্যবহার করেন, সেটিও বিশ্বের অন্যতম দামি। ২৪ ক্যারেট সোনা দিয়ে তৈরি সেই বোতলের মূল্য প্রায় ৪৯ লক্ষ টাকা।
ঘড়ির সংগ্রহেও রয়েছে একাধিক বিরল ও দামি মডেল। হিরে খচিত বিলাসবহুল ঘড়ির দাম কয়েক কোটি টাকা পর্যন্ত পৌঁছেছে। পাশাপাশি তাঁর ব্যক্তিগত ব্যবহারের জন্য রয়েছে অত্যাধুনিক একটি প্রাইভেট জেট, যার মূল্য ২০০ কোটিরও বেশি বলে জানা যায়।
বিলাসিতা এবং ঐতিহ্যের এক অনন্য মিশেল দেখা যায় নীতা অম্বানীর সংগ্রহে। তবে তাঁর এই বিপুল সম্পদের তালিকায় সবচেয়ে বেশি আলোচিত এবং মূল্যবান হিসেবে জায়গা করে নিয়েছে প্রায় ২০০ কোটি টাকার ঐতিহাসিক বাজুবন্ধ ও বিরল পেনডেন্ট— যা তাঁকে ভারতের অন্যতম স্টাইল আইকন হিসেবে আরও আলাদা পরিচিতি দিয়েছে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?