২৮,০০০ কিমি গতিতে পৃথিবীতে ফিরছেন শুভাংশুরা, কেমন হবে প্রশান্ত মহাসাগরে তাঁদের অবতরণ?

২৮,০০০ কিমি গতিতে পৃথিবীতে ফিরছেন শুভাংশুরা! প্রায় ২৩ ঘণ্টার দীর্ঘ যাত্রা শেষে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে পৃথিবীতে ফিরছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্ল এবং তাঁর তিন সঙ্গী। সোমবার বিকেল ৪টা…

July 15, 2025
1 min read

২৮,০০০ কিমি গতিতে পৃথিবীতে ফিরছেন শুভাংশুরা!

প্রায় ২৩ ঘণ্টার দীর্ঘ যাত্রা শেষে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে পৃথিবীতে ফিরছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্ল এবং তাঁর তিন সঙ্গী। সোমবার বিকেল ৪টা ৩৫ মিনিটে (ভারতীয় সময়) শুরু হবে তাঁদের ‘আনডকিং’। যদি সব কিছু পরিকল্পনা মতো চলে, মঙ্গলবার বিকেল ৩টা ১ মিনিটে প্রশান্ত মহাসাগরের জলে ‘স্প্ল্যাশডাউন’ করবে তাঁদের মহাকাশযান ক্যাপসুল।

গত ২৫ জুন স্পেসএক্সের তৈরি ‘ড্রাগন’ মহাকাশযানে শুভাংশু আইএসএস-এর উদ্দেশে যাত্রা করেছিলেন। এই অভিযানে ভারতের প্রথম প্রতিনিধিত্বকারী মহাকাশচারী হিসেবে ইতিহাস গড়েছেন তিনি। ইসরো এই প্রকল্পে প্রায় ৫৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে। সঙ্গে ছিলেন ক্রু-কমান্ডার পেগি হুইটসন, মিশন বিশেষজ্ঞ স্লাওস উজানস্কি-উইজ়নিউস্কি এবং টিবর কাপু।

ফেরার প্রক্রিয়া শুরু হবে ‘আনডকিং’-এর মাধ্যমে। অর্থাৎ মহাকাশযানটি আইএসএস থেকে আলাদা হবে। এই কাজ মূলত স্বয়ংক্রিয় হলেও ভিতর থেকে নভশ্চরেরা প্রতিটি ধাপে নজর রাখবেন। এক বার আলাদা হওয়ার পর পৃথিবীর দিকে ফিরতে শুরু করবে ক্যাপসুলটি। তখন একটি বিশেষ রকেট ইঞ্জিন জ্বালানো হবে, যাকে বলে ‘রেট্রোগ্রেড বার্ন’। এর ফলে ক্যাপসুলের গতি কিছুটা কমে আসবে, যাতে সেটি নিরাপদে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে।

পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় ক্যাপসুলের গতি থাকবে ঘণ্টায় প্রায় ২৮,০০০ কিলোমিটার। এই সময়ে ক্যাপসুলের বাইরের অংশ প্রচণ্ড তাপে জ্বলতে থাকে। কিন্তু বিশেষ তাপ প্রতিরোধক আবরণ ক্যাপসুল এবং নভশ্চরদের নিরাপদ রাখে। ধীরে ধীরে গতি কমতে কমতে এসে দাঁড়াবে ঘণ্টায় প্রায় ২৪ কিলোমিটার। এরপর ক্যাপসুল থেকে বেরিয়ে আসবে দুটি প্যারাশুট। প্রথমে ছোটটি, তারপর বড়টি। এর মাধ্যমে ধাপে ধাপে ক্যাপসুল আরও ধীরে নেমে আসবে প্রশান্ত মহাসাগরে।

আবহাওয়া অনুকূলে থাকলে ক্যালিফর্নিয়ার উপকূল থেকে কিছুটা দূরে, নির্দিষ্ট স্থানে অবতরণ করবে শুভাংশুদের ক্যাপসুল। সমুদ্রে পড়ার সঙ্গে সঙ্গেই স্পেসএক্সের রেসকিউ টিম পৌঁছে যাবে। ক্যাপসুলকে তুলে আনা হবে বিশেষ জাহাজে, তারপর একে একে বেরিয়ে আসবেন নভশ্চরেরা।

শুধু মানুষই নয়, শুভাংশুদের সঙ্গে মহাকাশ থেকে ফিরছে প্রায় ২৬৩ কিলোগ্রামের বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও নমুনা। নাসার বিভিন্ন গবেষণার জন্য ব্যবহারযোগ্য ৬০টিরও বেশি পরীক্ষার ফলাফল ও তথ্য রয়েছে এই ক্যাপসুলে। এগুলি ভবিষ্যতের মহাকাশ গবেষণার কাজে ব্যবহার করা হবে।

শুভাংশু শুক্লর এই মহাকাশ সফর ভারতীয় মহাকাশ গবেষণায় এক নতুন অধ্যায় যোগ করল। এখন শুধু অপেক্ষা তাঁদের নিরাপদে পৃথিবীতে ফেরা এবং মহাকাশ অভিযানের সেই গুরুত্বপূর্ণ মুহূর্তটির, যা সরাসরি সম্প্রচার করবে নাসা।

দই কাটার পরে যে পাতলা জল বেরোয়, ফেলে দেবেন না! জানুন শরীরে এর উপকারিতা ও সতর্কতা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *