২০২৭ বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত! ১৪ দলের মহারণ শুরু ৪ অক্টোবর, ফাইনাল ২১ নভেম্বর

২০২৭ বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত!! ক্রিকেটপ্রেমীদের জন্য বড় খবর। ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের সম্ভাব্য সূচি সামনে এসেছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে চলা এই মেগা টুর্নামেন্ট…

June 12, 2026
1 min read

২০২৭ বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত!!

ক্রিকেটপ্রেমীদের জন্য বড় খবর। ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের সম্ভাব্য সূচি সামনে এসেছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে চলা এই মেগা টুর্নামেন্ট শুরু হবে ৪ অক্টোবর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর। যদিও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি, বিভিন্ন সূত্রে জানা গিয়েছে যে গত মে মাসে আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি বৈঠকেই এই দিনক্ষণে সম্মতি দেওয়া হয়েছে। জুলাইয়ে এডিনবরায় আইসিসির বার্ষিক সাধারণ সভার পর আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।

প্রায় দেড় মাসব্যাপী এই বিশ্বকাপে মোট ৫৪টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকায়। প্রায় ৪১টি ম্যাচের আয়োজন করবে দেশটি। অন্য দিকে, জিম্বাবোয়ের ভাগে পড়তে পারে ৮ থেকে ১০টি ম্যাচ, আর নামিবিয়ায় অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ।

বিশ্বকাপ উপলক্ষে জিম্বাবোয়ে তাদের পরিকাঠামোও আরও শক্তিশালী করছে। হারারে স্পোর্টস ক্লাব এবং বুলাওয়েওর পাশাপাশি নতুন ভেন্যু হিসেবে যোগ হতে চলেছে ভিক্টোরিয়া ফলস। সেখানে নির্মীয়মাণ মোয়া-ওয়া-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাজ এ বছর শেষ হওয়ার কথা। আগামী বছর উদ্বোধনের আগে মাঠের প্রস্তুতি যাচাই করতে সেখানে ঘরোয়া ম্যাচও আয়োজন করা হবে।

দক্ষিণ আফ্রিকার জন্য এই বিশ্বকাপ বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০০৩ সালে শেষ বার পুরুষদের এক দিনের বিশ্বকাপ আয়োজন করেছিল দেশটি। এরপর ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করলেও দীর্ঘ দুই দশক পরে আবার একটি বড় আইসিসি প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পাচ্ছে তারা। অবশ্য এর মাঝে ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৩ সালের মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল।

এ বারের বিশ্বকাপের আর একটি গুরুত্বপূর্ণ দিক হল অংশগ্রহণকারী দলের সংখ্যা। মোট ১৪টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। দলগুলিকে সাতটি করে দুটি গ্রুপে ভাগ করা হবে। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের সেরা তিনটি দল উঠবে সুপার সিক্স পর্বে। এরপর শুরু হবে নকআউটের লড়াই।

আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে ইতিমধ্যেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। নামিবিয়া এখনও যোগ্যতা অর্জন পর্বের লড়াইয়ে রয়েছে। বাকি দলগুলির জায়গা নির্ধারিত হবে র‌্যাঙ্কিং এবং বাছাইপর্বের মাধ্যমে।

২০২৭ সালের বিশ্বকাপ শুধু আর একটি আইসিসি টুর্নামেন্ট নয়, এটি ২০২৭-৩১ চক্রের ফিউচার ট্যুরস প্রোগ্রামের (এফটিপি) প্রথম বড় আন্তর্জাতিক প্রতিযোগিতাও হতে চলেছে। ফলে আগামী কয়েক বছরে আন্তর্জাতিক ক্রিকেটের রূপরেখা নির্ধারণে এই বিশ্বকাপের গুরুত্ব অনেকটাই বেশি।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *