১৬ বছর পর আবার সেই ম্যাচ!
ফুটবল বিশ্বকাপের মঞ্চে কখনও কখনও ইতিহাস যেন নিজেকেই পুনরাবৃত্তি করে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। ১৬ বছর পরে, ২০২৬ সালের বিশ্বকাপও শুরু হচ্ছে ঠিক একই লড়াই দিয়ে। ফলে প্রথম ম্যাচ ঘিরে সমর্থকদের উত্তেজনা তুঙ্গে।
২০১০ সালের সেই উদ্বোধনী ম্যাচ আজও মনে রেখেছেন ফুটবলপ্রেমীরা। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার সিফিওয়ে শাবালালার দুর্দান্ত গোল এখনও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত। এ বারও সমর্থকদের আশা, উদ্বোধনী ম্যাচেই দেখা মিলবে নতুন কোনও নায়ক বা অবিস্মরণীয় মুহূর্তের।
বিশ্বকাপের প্রথম ম্যাচ আয়োজন করবে মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজ়টেকা স্টেডিয়াম। এই নিয়ে তৃতীয় বার এই মাঠে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। এর আগে ১৯৭০ এবং ১৯৮৬ সালের বিশ্বকাপের সূচনাও হয়েছিল এখানেই। অ্যাজ়টেকা শুধু উদ্বোধনের জন্যই বিখ্যাত নয়; এই মাঠেই বিশ্বকাপ জয়ের আনন্দে মেতেছিল ব্রাজ়িল এবং আর্জেন্টিনা। ফলে বিশ্ব ফুটবলের ইতিহাসে এই স্টেডিয়ামের গুরুত্ব আলাদা।
স্বাগতিক মেক্সিকো, যাদের ‘এল ত্রি’ নামেও ডাকা হয়, নিজেদের মাঠে নামবে বড় প্রত্যাশা নিয়ে। কোচ জেভিয়ার আগুইরে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দল গড়েছেন। আক্রমণে থাকবেন রাউল জিমেনেজ় এবং সান্তিয়াগো জিমেনেজ়। মাঝমাঠে দলের অন্যতম ভরসা এদসন আলভারেজ়। তবে সবচেয়ে বেশি নজর থাকবে ১৭ বছরের তরুণ গিলবার্তো মোরার দিকে, যিনি এই বিশ্বকাপের সবচেয়ে কম বয়সি ফুটবলার হওয়ার পথে। গোলপোস্টে থাকবেন অভিজ্ঞ গিলেরমো ওচোয়া।
মেক্সিকোর আর একটি বড় সুবিধা হল উচ্চতা। তাদের বেশির ভাগ ম্যাচই সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২২০০ মিটার উঁচু অঞ্চলে হবে। স্থানীয় পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ায় স্বাগতিকরা বাড়তি সুবিধা পেতে পারে।
অন্য দিকে দক্ষিণ আফ্রিকাও চমক দেওয়ার জন্য প্রস্তুত। ‘বাফানা বাফানা’ নামে পরিচিত দলটি মূলত ঘরোয়া লিগে খেলা ফুটবলারদের নিয়েই দল সাজিয়েছে। মামেলোডি সানডাউন্স এবং অরল্যান্ডো পাইরেটস ক্লাব থেকে এসেছে দলের বড় অংশ। অধিনায়ক ও গোলরক্ষক রনওয়েন উইলিয়ামসের পাশাপাশি নজরে থাকবেন স্ট্রাইকার লাইল ফস্টার এবং মিডফিল্ডার তেবোহো মোকোয়েনা।
যদিও ভিসা সংক্রান্ত জটিলতার কারণে প্রস্তুতিতে কিছুটা ব্যাঘাত ঘটেছিল দক্ষিণ আফ্রিকার, তবু মেক্সিকোয় পৌঁছে তারা জোরকদমে অনুশীলন শুরু করেছে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার উপর।
৪৮টি দেশের অংশগ্রহণে আয়োজিত এ বারের বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় সংস্করণ। সেই মহাযজ্ঞের সূচনা হবে এমন এক ম্যাচ দিয়ে, যার সঙ্গে জড়িয়ে রয়েছে স্মৃতি, আবেগ এবং ইতিহাস। প্রথম দিনেই কি নতুন কোনও চমক অপেক্ষা করছে? সেই উত্তর খুঁজতেই চোখ থাকবে গোটা ফুটবল বিশ্বের।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?