হারের পর ক্লাবকর্তাকে কাঠগড়ায় তুললেন বিশ্বকাপজয়ী মার্তিনেজ়!
টানা পাঁচ ম্যাচে জয় নেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের মধ্যে এ বার প্রকাশ্যেই ক্লাবের কর্তাদের সমালোচনা করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিসান্দ্রো মার্তিনেজ়। দল গঠনে আরও ভাল ফুটবলার নেওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি। তাঁর নিশানায় ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর জেসন উইলকক্স। ইংল্যান্ডের ফুটবলে কোনও ফুটবলারের এ ভাবে প্রকাশ্যে ক্লাবকর্তার সমালোচনা করা বিরল ঘটনা বলেই মনে করা হচ্ছে।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের কাছে ০-২ গোলে হেরেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তার আগে থেকেই ছন্দে ছিল না দল। শেষ পাঁচটি ম্যাচের একটিতেও জয় পায়নি তারা। প্রিমিয়ার লিগে ১৩ নম্বরে এবং চ্যাম্পিয়ন্স লিগে সপ্তম স্থানে রয়েছে ইউনাইটেড। এমন পরিস্থিতিতে দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন মার্তিনেজ়।
‘আয়নায় নিজেদের দেখা উচিত’
ম্যাচের পর সাক্ষাৎকারে দলের পারফরম্যান্সকে ‘খুবই খারাপ’ বলে উল্লেখ করেন আর্জেন্টিনার এই ডিফেন্ডার। তাঁর মতে, শুধু মাঠের খেলায় নয়, ক্লাবের সামগ্রিক পরিস্থিতি নিয়েও আত্মসমালোচনা করা প্রয়োজন।
মার্তিনেজ় বলেন, ক্লাব এখন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তা কর্তাদের নিজেদেরই ভেবে দেখা উচিত। গত মরসুমের পারফরম্যান্সের পর এ বার আরও ভাল ফুটবলার দলে আসবেন বলে আশা করেছিলেন তাঁরা। কিন্তু অন্য দলগুলি যখন শক্তিশালী দল গড়ছে, তখন ইউনাইটেডেরও সেই পথে এগোনো দরকার ছিল বলে মনে করেন তিনি।
আতলেতিকো মাদ্রিদের উদাহরণ টেনে মার্তিনেজ় বলেন, প্রতিপক্ষের দলে একাধিক ভাল ফুটবলার রয়েছেন। তাই তাঁর মতে, যোগ্য দল হিসেবেই জিতেছে স্পেনের ক্লাবটি।
নিশানায় টেকনিক্যাল ডিরেক্টর
এর পর সরাসরি ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর জেসন উইলকক্সের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মার্তিনেজ়। তাঁর কথায়, টেকনিক্যাল ডিরেক্টরের কাছ থেকে আরও বেশি প্রত্যাশা ছিল। তবে নিজেদের দায়িত্বও এড়িয়ে যাননি তিনি। ফুটবলার হিসেবে তাঁদের আরও ভাল খেলা উচিত ছিল বলে স্বীকার করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা।
মার্তিনেজ়ের বক্তব্য, এই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আরও শক্তিশালী দল গড়া প্রয়োজন। অর্থাৎ, মাঠে ফুটবলারদের পারফরম্যান্সের পাশাপাশি দল গঠনের পরিকল্পনাতেও ঘাটতি রয়েছে বলে তাঁর ইঙ্গিত।
শুধু কোচ বদলেই কি সমস্যার সমাধান?
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ঘন ঘন কোচ বদলের প্রবণতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মার্তিনেজ়। তাঁর মতে, ব্যর্থতার জন্য বার বার কোচ বা ফুটবলারদের দায়ী করা সহজ। কিন্তু ক্লাবের অন্য স্তরগুলির ভূমিকা নিয়েও আলোচনা হওয়া দরকার।
কোচ বদলের পাশাপাশি দল গঠন এবং ক্লাব পরিচালনার পদ্ধতি নিয়েও ভাবার পরামর্শ দিয়েছেন তিনি। টানা ব্যর্থতার মধ্যে মার্তিনেজ়ের এই মন্তব্যে ইউনাইটেডের অন্দরের অসন্তোষ প্রকাশ্যে এল। এখন দেখার, দলের ফলাফল বদলাতে ক্লাব কর্তৃপক্ষ কী পদক্ষেপ করেন।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।