হাই কোর্টের ভর্ৎসনার পরেই কি ফের তৎপর সিবিআই?
আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার তদন্তে ফের সক্রিয় সিবিআই। বুধবার নতুন তদন্তকারী দলের তিন সদস্য আরজি কর হাসপাতালে গিয়ে কয়েক জন নার্সের সঙ্গে কথা বলেন। তাঁরা হাসপাতালের অধ্যক্ষের ঘরেও যান বলে সূত্রের খবর। আগামী ২৮ অগস্ট মামলার পরবর্তী শুনানি। তার আগে সিবিআইয়ের এই তৎপরতা ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এর আগে ৩ অগস্টও সিবিআইয়ের নতুন দল আরজি কর হাসপাতালে গিয়েছিল। সেই দলের নেতৃত্বে ছিলেন সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর অনুরাগ কুমার। সে দিন তাঁরা জরুরি বিভাগের ভবন ঘুরে দেখেছিলেন। বুধবারের দলে এক মহিলা অফিসার-সহ তিন জন ছিলেন।
হাই কোর্টে সিবিআইকে কী বলেছিল আদালত?
গত ৬ অগস্ট আরজি কর মামলার শুনানিতে সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, তদন্ত সঠিক পথে এগোচ্ছে না। আদালতের বক্তব্য ছিল, প্রয়োজনীয় বিষয়গুলির অনেকটাই এখনও খতিয়ে দেখা হয়নি।
সিবিআই সে দিন নতুন তদন্তকারী দলের রিপোর্ট জমা দিয়ে আরও সময় চেয়েছিল। তাতেই অসন্তোষ প্রকাশ করে আদালত। বিচারপতিরা স্পষ্ট করে দেন, আগের তদন্তের প্রভাব থেকে বেরিয়ে নতুন করে বিষয়টি খতিয়ে দেখতে হবে।
নতুন তদন্তকারী দলে কারা?
৩০ জুলাই শিয়ালদহ আদালতে দেওয়া স্টেটাস রিপোর্টে সিবিআই জানিয়েছিল, মামলার তদন্তকারী অফিসার বদল করা হয়েছে। আগে দায়িত্বে ছিলেন সীমা পাহুজা। তাঁর জায়গায় নতুন তদন্তকারী অফিসার হিসাবে দায়িত্ব পেয়েছেন সন্দিপনী গর্গ।
নতুন তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর অনুরাগ কুমার। দলের সঙ্গে রয়েছেন আরজি করের আর্থিক দুর্নীতি মামলার তদন্তকারী অফিসার মণীশ উপাধ্যায়ও।
সিবিআই আদালতকে জানিয়েছে, কেস ডায়েরি-সহ প্রায় ১,০০০ পাতার নথি নতুন দল খতিয়ে দেখছে। সেই কাজের জন্যই সময় চাওয়া হয়েছিল।
কেন ফের হাসপাতালেই সিবিআই?
আরজি কর মামলায় প্রথমে তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ। পরে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। সিবিআইয়ের চার্জশিটে সঞ্জয় রায়কেই একমাত্র অভিযুক্ত হিসাবে দেখানো হয় এবং শিয়ালদহ আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
কিন্তু নির্যাতিতার পরিবার তদন্ত নিয়ে শুরু থেকেই অসন্তুষ্ট ছিল। পরিবারের আবেদনের পর মামলাটি ফের খতিয়ে দেখতে সিবিআইকে নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশেই নতুন বিশেষ তদন্তকারী দল তৈরি হয়।
হাই কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণে বিশেষ ভাবে উঠে এসেছে ঘটনার রাতের ঘটনাপ্রবাহ নতুন করে খতিয়ে দেখার বিষয়টি। আদালত চেয়েছে, আগের তদন্তের উপর নির্ভর না করে ঘটনাস্থল থেকে পরবর্তী ঘটনাপ্রবাহ পর্যন্ত সবকিছু নতুন ভাবে পরীক্ষা করা হোক।
পরিবারের তরফে ঘটনার আগে নির্যাতিতার সঙ্গে থাকা কয়েক জন জুনিয়র চিকিৎসকের ভূমিকা, তাঁদের বয়ান এবং তৎকালীন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের যোগাযোগ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সিবিআই জানিয়েছে, এই অভিযোগগুলিও নতুন করে পরীক্ষা করা হচ্ছে।
২৮ অগস্টের শুনানির আগে বাড়ছে নজর
আগামী ২৮ অগস্ট হাই কোর্টে মামলাটির পরবর্তী শুনানি। আদালত ইতিমধ্যেই তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছে। তার মাত্র কয়েক দিন আগে সিবিআইয়ের নতুন দলের ফের আরজি কর পরিদর্শন তাই তাৎপর্যপূর্ণ।
তবে হাসপাতাল পরিদর্শনের সঙ্গে হাই কোর্টের ভর্ৎসনার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা সিবিআই আনুষ্ঠানিক ভাবে জানায়নি। আপাতত নজর থাকবে, নতুন তদন্তকারী দল কী কী তথ্য সংগ্রহ করে এবং ২৮ অগস্ট আদালতে তদন্তের অগ্রগতি সম্পর্কে কী জানানো হয়।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।