হরিয়ানায় টেনিস খেলোয়াড় রাধিকার হত্যায় বাবার স্বীকারোক্তি!
হরিয়ানার রাজ্যস্তরের টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের আকস্মিক মৃত্যু নিয়ে যখন নানা জল্পনা চলছিল, তখন পুলিশ জানিয়েছে ঘটনার নেপথ্যে সবচেয়ে বড় কারণ: বাবার ক্ষোভ। বৃহস্পতিবার দুপুরে রান্নাঘরে কাজ করার সময় পিছন থেকে গুলি চালিয়ে নিজের মেয়েকেই হত্যা করেন দীপক যাদব। পুলিশি জিজ্ঞাসাবাদে দীপক নিজের দোষ স্বীকার করেছেন।
তদন্তে উঠে এসেছে, দীপক দীর্ঘ দিন ধরে প্রতিবেশী এবং আত্মীয়স্বজনের নানা কটাক্ষের শিকার হচ্ছিলেন। তাঁর মেয়ের উপার্জনে সংসার চলার কথা শুনে ‘মেয়ের টাকায় বেঁচে আছিস’—এই ধরনের মন্তব্য তাঁকে মানসিকভাবে কষ্ট দিত। দীপক জানিয়েছেন, বার বার এই কথাগুলো তাঁকে আহত করত। সেই কারণেই মেয়ের চালু করা টেনিস অ্যাকাডেমি বন্ধ করতে বলেছিলেন তিনি। কিন্তু রাধিকা রাজি না হওয়ায়, অবশেষে রাগের মাথায় এই মারাত্মক পদক্ষেপ নেন দীপক।
পুলিশ জানায়, ঘটনার দিনও বাবা-মেয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়েছিল। সেই সময় দীপক নিজের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক বের করে পর পর পাঁচটি গুলি চালান, যার তিনটি রাধিকার শরীরে লাগে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
খুনের ঘটনায় দীপককে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর দুইটি আগ্নেয়াস্ত্র। পুলিশি তদন্তে আরও জানা যায়, দিন কয়েক আগে খেলার সময় কাঁধে আঘাত পান রাধিকা। সে কারণে তিনি খেলার পাশাপাশি নিজের এলাকায় শিশুদের জন্য একটি টেনিস প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছিলেন। বাবার আপত্তি সত্ত্বেও রাধিকা সেই কেন্দ্র চালিয়ে যাচ্ছিলেন। দীপক চাননি মেয়ের উপার্জনে সংসার চলুক। তাঁর অভিযোগ ছিল, সমাজমাধ্যমে রাধিকা প্রায়শই রিল বানাতেন, যা নিয়েও বিরক্ত ছিলেন তিনি।
দীপক পুলিশকে আরও বলেন, “যখন দুধ কিনতে গ্রামে যেতাম, তখন সবাই বলত আমি নাকি মেয়ের টাকায় বেঁচে আছি। কেউ কেউ আমার মেয়ের চরিত্র নিয়েও প্রশ্ন তুলত। এই সব শুনে খুব কষ্ট পেতাম।”
ঘটনার পরে দীপকের স্ত্রী মঞ্জু যাদব পুলিশের কাছে কোনও মন্তব্য করতে বা লিখিত বিবৃতি দিতে রাজি হননি। তবে দীপকের ভাই কুলদীপ যাদব থানায় অভিযোগ দায়ের করেছেন, যার ভিত্তিতে আনুষ্ঠানিক মামলা শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাধিকা ছিলেন মেধাবী খেলোয়াড় এবং সমাজমাধ্যমে যথেষ্ট জনপ্রিয়। তাঁর এই পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দীপকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং পুরো ঘটনার তদন্ত চলছে।
গুগ্ল ড্রাইভের জায়গা শেষ? টাকা না খরচ করেও ১৫ জিবির বাইরে স্টোরেজ বাঁচানোর ৫টি কার্যকরী উপায়