সকালে ঘুম থেকে উঠেই কাঁধে ব্যথা?
সকালে ঘুম থেকে উঠে অনেকেরই দেখা যায়, কাঁধ শক্ত হয়ে গিয়েছে। হাত নাড়াতে গেলেই ব্যথা, জামা পরা বা চুল আঁচড়ানোর মতো সাধারণ কাজ করতেও সমস্যা হচ্ছে। এই সমস্যাকে অনেকেই ‘ফ্রোজ়েন শোল্ডার’ নামে চেনেন। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এর নাম ‘অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস’।
ফ্রোজ়েন শোল্ডারের ক্ষেত্রে কাঁধের অস্থিসন্ধির চারপাশে থাকা টিস্যু বা ক্যাপসুল শক্ত হয়ে যায় এবং ফুলে যেতে পারে। এর ফলে কাঁধের স্বাভাবিক নড়াচড়া কমে যায় এবং ব্যথা অনুভূত হয়। ডায়াবিটিস, থাইরয়েডের সমস্যা, হৃদ্যন্ত্রের অসুখ কিংবা আগের কোনও চোট-আঘাত থাকলে এই সমস্যার ঝুঁকি বাড়তে পারে।
তবে নিয়মিত সঠিক স্ট্রেচিং করলে অনেক ক্ষেত্রে কাঁধের জড়তা ও ব্যথা কমাতে সাহায্য পাওয়া যায়। চিকিৎসকদের মতে, ফ্রোজ়েন শোল্ডারের ক্ষেত্রে ব্যায়াম করতে হবে খুব সাবধানে। ভুল পদ্ধতিতে ব্যায়াম করলে সমস্যা আরও বাড়তে পারে।
১. পেন্ডুলাম স্ট্রেচ
এই ব্যায়ামটি কাঁধের পেশিকে ধীরে ধীরে সক্রিয় করতে সাহায্য করে। প্রথমে শরীরের উপরের অংশ সামান্য সামনে ঝুঁকিয়ে দাঁড়ান। একটি হাত টেবিল বা চেয়ারের উপর ভর দিয়ে রাখুন। অন্য হাতটি আলগাভাবে নিচে ঝুলিয়ে দিন।
এ বার ঝুলন্ত হাতটি ধীরে ধীরে ছোট বৃত্তাকারে ঘোরান। প্রথমে ঘড়ির কাঁটার দিকে এবং পরে বিপরীত দিকে ঘোরাতে হবে। কয়েক বার করার পর অন্য হাতেও একই পদ্ধতি অনুসরণ করুন।
২. ফিঙ্গার ওয়াক অন দ্য ওয়াল
এই স্ট্রেচিংয়ের জন্য দেওয়ালের সামনে সোজা হয়ে দাঁড়াতে হবে। একটি হাত দেওয়ালে রাখুন এবং আঙুলের সাহায্যে ধীরে ধীরে দেওয়াল বেয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করুন।
যতটা আরামদায়ক মনে হবে, ততটাই উপরে উঠুন। জোর করে টান দেবেন না। কিছু ক্ষণ পর হাত নামিয়ে আবার অন্য হাত দিয়ে একই অনুশীলন করুন। নিয়মিত করলে কাঁধের নড়াচড়ার ক্ষমতা বাড়তে পারে।
৩. টাওয়েল স্ট্রেচ
এই ব্যায়ামের জন্য একটি তোয়ালে প্রয়োজন। ডান হাতে তোয়ালের এক প্রান্ত ধরে মাথার উপর দিয়ে পিছনের দিকে নিয়ে যান। বাঁ হাত দিয়ে তোয়ালের অন্য প্রান্তটি ধরুন।
এ বার ডান হাত দিয়ে তোয়ালেটি উপরের দিকে টানুন এবং বাঁ হাত দিয়ে নিচের দিকে টান দিন। কাঁধে হালকা টান অনুভূত হবে। প্রায় ৩০ সেকেন্ড ধরে রাখার পর হাত বদল করুন।
ফ্রোজ়েন শোল্ডারের সমস্যা থাকলে ধৈর্য ধরে নিয়মিত অনুশীলন করাই গুরুত্বপূর্ণ। তবে ব্যথা বেশি হলে বা হাতের নড়াচড়া একেবারে সীমিত হয়ে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। সঠিক ব্যায়াম, ধৈর্য এবং নিয়মিত যত্নে অনেকটাই নিয়ন্ত্রণে আনা যায় কাঁধের এই সমস্যা।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?