নতুন নিয়মে বিশ্বকাপে প্রথম বহিষ্কৃত প্যারাগুয়ের অ্যালমিরন!
ফুটবল মাঠে কথা বলার সময় হাত দিয়ে মুখ ঢেকে রাখার দৃশ্য নতুন নয়। কিন্তু সেই অভ্যাসই এ বার বিশ্বকাপে ডেকে আনল বড় শাস্তি। নতুন নিয়ম কার্যকর হওয়ার পর প্রথম ফুটবলার হিসেবে লাল কার্ড দেখলেন প্যারাগুয়ের তারকা মিডফিল্ডার মিগুয়েল অ্যালমিরন।
কিছু দিন আগেই ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি জানিয়েছিল, ম্যাচ চলাকালীন কোনও ফুটবলার যদি মুখ ঢেকে প্রতিপক্ষ বা অন্য কারও সঙ্গে কথা বলেন, তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। বিশেষ করে গোপনে আপত্তিকর, অশালীন বা বর্ণবিদ্বেষী মন্তব্য রুখতেই এই নিয়ম চালু করা হয়েছে।
শনিবারের বিশ্বকাপ ম্যাচে সেই নিয়মেরই প্রথম শিকার হন অ্যালমিরন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে তুরস্কের ফুটবলার মেট মুলডারের সঙ্গে কথা বলার সময় তিনি হাত দিয়ে মুখ ঢেকে কিছু বলেন বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান মুলডার।
ঘটনার পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর সাহায্য নেন ম্যাচ রেফারি ইভান বার্টন। ফুটেজ খতিয়ে দেখে তিনি সরাসরি লাল কার্ড দেখান অ্যালমিরনকে। ফলে দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়েই খেলতে বাধ্য হয় প্যারাগুয়ে।
৩২ বছর বয়সি অ্যালমিরন দীর্ঘদিন ইংল্যান্ডের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের হয়ে খেলেছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল আটলান্টা ইউনাইটেডের সদস্য। জাতীয় দলের জার্সিতে ইতিমধ্যেই ৭৮টি ম্যাচ খেলেছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।
নতুন নিয়মে বিশ্বকাপের ইতিহাসে প্রথম লাল কার্ড পাওয়ার নজির গড়ে অ্যালমিরন এখন ফুটবল মহলে আলোচনার কেন্দ্রবিন্দু।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?