রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই!
রোজকার ভাত-রুটির একঘেয়েমি কাটাতে রাতে একটু অন্য রকম কিছু খেতে ইচ্ছে করতেই পারে। রেস্তরাঁয় গিয়ে বেক্ড ফিশ অর্ডার করার বদলে এ বার বাড়িতেই বানিয়ে ফেলুন বেক্ড গন্ধরাজ ভেটকি। নাম শুনে কঠিন মনে হলেও রান্নার পদ্ধতি বেশ সহজ। ঘরোয়া কয়েকটি উপকরণ আর গন্ধরাজ লেবুর সুবাসেই তৈরি হয়ে যাবে এই পদ।
রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই?
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| মোটা করে কাটা ভেটকি ফিলে | ৭-৮ টুকরো |
| গোলমরিচ গুঁড়ো | ১ টেবিলচামচ |
| গন্ধরাজ লেবু | ১টি |
| আদা-রসুন-কাঁচালঙ্কা বাটা | ২ টেবিলচামচ |
| ফ্রেশ ক্রিম | ২ টেবিলচামচ |
| সাদা তেল | ১ টেবিলচামচ |
| নুন | স্বাদমতো |
| মাখন | ১ টেবিলচামচ |
| রসুনকুচি | ১ টেবিলচামচ |
| ময়দা | ১ চা-চামচ |
| দুধ | ১ কাপ |
| গ্রেট করা চিজ় | ২ টেবিলচামচ |
| চিলিফ্লেক্স | ১ চা-চামচ |
| অরিগ্যানো | আধ চা-চামচ |
কী ভাবে বানাবেন?
প্রথমে ভেটকি ফিলেগুলিতে নুন, গোলমরিচ, গন্ধরাজ লেবুর রস ও খোসা, আদা-রসুন-কাঁচালঙ্কা বাটা, ফ্রেশ ক্রিম এবং সাদা তেল দিয়ে ভাল করে মাখিয়ে নিন। মশলা মাছের গায়ে ভাল ভাবে মিশে গেলে প্রায় ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন।
এ বার তৈরি করতে হবে ওয়াইট সস্। একটি ফ্রাইং প্যানে মাখন গলিয়ে তাতে রসুনকুচি ও ময়দা দিয়ে ভাল করে নাড়ুন। ময়দা মিশে গেলে ধীরে ধীরে দুধ ঢেলে নাড়তে থাকুন। মিনিট দুয়েক পর চিলিফ্লেক্স, অরিগ্যানো, নুন, গোলমরিচ এবং গ্রেট করা চিজ় দিয়ে ভাল করে মিশিয়ে নিন। সস্ ঘন হয়ে এলে নামিয়ে রাখুন।
এর পর একটি বেকিং ট্রে নিন। তাতে ম্যারিনেট করা মাছের টুকরোগুলি সাজিয়ে প্রতিটির উপর এক চামচ করে ওয়াইট সস্ ঢেলে দিন। উপর থেকে আরও কিছুটা চিজ়, চিলিফ্লেক্স এবং গোল করে কাটা গন্ধরাজ লেবুর টুকরো সাজিয়ে দিন।
এ বার ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রায় ৩০ মিনিট বেক করুন। মাছ ভাল ভাবে সেদ্ধ হয়ে উপরটা হালকা সোনালি হয়ে এলেই ওভেন থেকে বের করে নিন।
গন্ধরাজ লেবুর টক-মিষ্টি সুবাস, ক্রিমি ওয়াইট সস্ এবং নরম ভেটকির এই মেলবন্ধন রাতের খাবারে আনবে একেবারে রেস্তরাঁর মতো স্বাদ। গরম গরম পরিবেশন করলেই জমে যাবে ডিনার।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।