‘রিয়ার সঙ্গে যা হয়েছিল, সিয়ার ক্ষেত্রেও যেন তা না হয়’— মন্তব্যে বিতর্কে পরিচালক সঞ্জয় গুপ্ত

রিয়ার সঙ্গে যা হয়েছিল, সিয়ার ক্ষেত্রেও যেন তা না হয়! পুণের সিয়া গয়াল-কেতন অগ্রবাল মামলাকে ঘিরে দেশজুড়ে যখন তীব্র আলোচনা চলছে, ঠিক সেই সময় একটি সমাজমাধ্যম পোস্ট করে বিতর্কে জড়ালেন…

July 3, 2026
1 min read

রিয়ার সঙ্গে যা হয়েছিল, সিয়ার ক্ষেত্রেও যেন তা না হয়!

পুণের সিয়া গয়াল-কেতন অগ্রবাল মামলাকে ঘিরে দেশজুড়ে যখন তীব্র আলোচনা চলছে, ঠিক সেই সময় একটি সমাজমাধ্যম পোস্ট করে বিতর্কে জড়ালেন চলচ্চিত্র পরিচালক সঞ্জয় গুপ্ত। সিয়া গয়ালের ঘটনাকে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর অভিজ্ঞতার সঙ্গে তুলনা করে তিনি বিচার প্রক্রিয়া শুরুর আগেই কাউকে দোষী সাব্যস্ত না করার আহ্বান জানান। তবে তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।

সমাজমাধ্যমে সঞ্জয় গুপ্ত লেখেন, “আমি কারও বিচার করছি না, কারও পক্ষও নিচ্ছি না। শুধু বলতে চাই, রিয়ার সঙ্গে যা হয়েছিল, সিয়ার ক্ষেত্রেও যেন আমরা সেই একই ভুল না করি। প্রমাণের আগেই রায় ঘোষণা করা উচিত নয়। টেলিভিশনে আমরা আগে সেই দৃশ্য দেখেছি। কিন্তু আমরা যেন কোনও শিক্ষা নিই না।”

পোস্টটি প্রকাশ্যে আসার পরই সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। একাংশ সঞ্জয়ের বক্তব্যকে বিচার প্রক্রিয়ার প্রতি সম্মান দেখানোর আহ্বান হিসেবে দেখলেও, অন্য অনেকেই প্রশ্ন তুলেছেন— রিয়া চক্রবর্তী এবং সিয়া গয়ালের ঘটনা আদৌ তুলনীয় কি না।

সমালোচকদের একাংশের বক্তব্য, দুই মামলার প্রেক্ষাপট এবং অভিযোগের প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন। একজন ব্যবহারকারী লেখেন, “দুটি ঘটনার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। এ ধরনের তুলনা বিভ্রান্তিকর।” অন্য এক জনের দাবি, “যত দূর জানা যাচ্ছে, সিয়া গয়ালের বিরুদ্ধে ঘটনাস্থলে উপস্থিত থেকে অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অন্যদিকে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে সেই ধরনের অভিযোগ ছিল না। তাই এই তুলনা গ্রহণযোগ্য নয়।”

আবার কেউ কেউ সঞ্জয় গুপ্তের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, অপ্রাসঙ্গিক তুলনা টেনে অযথা বিতর্ক তৈরি করা হয়েছে।

এই মন্তব্যের জেরে ফের আলোচনায় উঠে এসেছে ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি। সেই সময়ে তদন্ত চলাকালীন রিয়াকে নিয়ে সংবাদমাধ্যম ও সমাজমাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। পরবর্তীতে মাদক-সংক্রান্ত মামলায় তাঁকে গ্রেফতারও করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। পরে রিয়া একাধিক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, সেই সময়ের ঘটনাগুলি তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনে গভীর প্রভাব ফেলেছিল।

সঞ্জয় গুপ্তের সাম্প্রতিক মন্তব্য মূলত বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগে জনমতের আদালতে কাউকে দোষী সাব্যস্ত না করার আহ্বান হিসেবে করা হলেও, সিয়া গয়াল ও রিয়া চক্রবর্তীর ঘটনার তুলনা টানাই বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ফলে পরিচালককে ঘিরে সমালোচনা এখনও অব্যাহত।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *