রাষ্ট্রপতি ভবনের নৈশভোজে হিমালয়ের স্বাদ! দেশ-বিদেশের অতিথিদের মন জিতল পাহাড়ি ‘জাখিয়া আলু’

রাষ্ট্রপতি ভবনের নৈশভোজে হিমালয়ের স্বাদ!! সাধারণতন্ত্র দিবসের সন্ধ্যায় প্রতি বছরের মতো এ বছরও রাষ্ট্রপতি ভবনে বসেছিল রাজকীয় নৈশভোজের আসর। রাইসিনা হিলসের সেই ব্যাঙ্কোয়েটে দেশ-বিদেশের বিশিষ্ট অতিথিদের জন্য সাজানো হয়েছিল সম্পূর্ণ…

January 30, 2026
1 min read

রাষ্ট্রপতি ভবনের নৈশভোজে হিমালয়ের স্বাদ!!

সাধারণতন্ত্র দিবসের সন্ধ্যায় প্রতি বছরের মতো এ বছরও রাষ্ট্রপতি ভবনে বসেছিল রাজকীয় নৈশভোজের আসর। রাইসিনা হিলসের সেই ব্যাঙ্কোয়েটে দেশ-বিদেশের বিশিষ্ট অতিথিদের জন্য সাজানো হয়েছিল সম্পূর্ণ নিরামিষ, কিন্তু বৈচিত্র্যে ভরপুর এক মেনু। ৭৭তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে ইউরোপীয় ইউনিয়নের দুই শীর্ষ নেতা ভারতে এসেছিলেন। আল্পসের দেশের অতিথিদের সম্মানে সেই নৈশভোজে তুলে ধরা হয়েছিল ভারতের আর এক পর্বতসংস্কৃতি— হিমালয়ের স্বাদ ও ঘ্রাণ।

ডাল, সব্জি ও ঐতিহ্যবাহী ভারতীয় পদগুলির সঙ্গে অতিথিরা চেখে দেখেন হিমালয় অঞ্চলের এক বিশেষ রান্না— পাহাড়ি জাখিয়া আলু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ রাজনৈতিক ও সাংস্কৃতিক জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। সেই ভোজসভায় পরিবেশিত এই আলুর পদ নিয়েই এখন কৌতূহল তুঙ্গে— কী এই জাখিয়া আলু, আর কেনই বা এত বিশেষ?

জাখিয়া আসলে কী?

জাখিয়া হল এক ধরনের পাহাড়ি বীজ, দেখতে অনেকটা কালো সর্ষের দানার মতো। তবে স্বাদে এর আলাদা পরিচয় আছে। কালোজিরে, সর্ষে আর গোলমরিচ— এই তিনের মিশেল স্বাদ পাওয়া যায় জাখিয়ায়। হালকা ঝাঁঝ, সামান্য ঝাল আর অল্প তেতোভাব— সব মিলিয়ে রান্নায় এক অনন্য গভীরতা আনে এই বীজ।

গাড়োয়াল ও কুমায়ুন হিমালয় অঞ্চলে জাখিয়ার ব্যবহার সবচেয়ে বেশি। সাধারণত ফোড়ন হিসেবেই এটি ব্যবহার করা হয়। সর্ষের মতো দেখতে হওয়ায় একে অনেক জায়গায় ‘জংলি সর্ষে’ বা ‘বুনো সর্ষে’ও বলা হয়। মজার কথা, বাংলায় এই জাখিয়ার আর একটি নাম রয়েছে— ‘হুলহুল’।

জাখিয়া আলুর বিশেষত্বই বা কী?

এই রান্নার প্রাণ হল তার ঝাঁঝ ও সরলতা। সর্ষের তেলে জাখিয়া, হিং ও শুকনো লঙ্কার ফোড়নে সেদ্ধ আলু ভাজা হয়। বেশি মশলার বাহুল্য নেই, কিন্তু প্রতিটি উপকরণ একসঙ্গে মিশে এমন স্বাদ তৈরি করে যা একবার খেলে ভুলে থাকা কঠিন।

ঘরে বসেই বানিয়ে ফেলুন রাষ্ট্রপতি ভবনের জাখিয়া আলু

উপকরণ:
৫০০ গ্রাম ছোট আলু (সেদ্ধ, মাঝারি কিউব করে কাটা)
২ টেবিল চামচ সর্ষের তেল
২ চা চামচ জাখিয়া বীজ
আধ চা চামচ হিং
আধ চা চামচ হলুদ
৪টি শুকনো লঙ্কা (ভাঙা)
৫-৬ কোয়া রসুন (থেঁতো)
আধ কাপ ধনেপাতা কুচি
১ টেবিল চামচ লেবুর রস
স্বাদমতো নুন

প্রণালী:
কড়াইয়ে সর্ষের তেল গরম করে জাখিয়া বীজ ছাড়ুন। ২০-৩০ সেকেন্ড ফাটতে দিন। তার পর রসুন, হিং, শুকনো লঙ্কা, হলুদ ও নুন দিন। আলু দিয়ে ভাল করে নাড়াচাড়া করে ভাজুন। ঢাকা দিয়ে কম আঁচে ৫ মিনিট রান্না করুন। আলু মুচমুচে হলে আঁচ বন্ধ করে লেবুর রস ও ধনেপাতা মিশিয়ে পরিবেশন করুন।

লুচি, রুটি বা পরোটার সঙ্গে তো বটেই, এমনকি এমনি খেতেও দুর্দান্ত— পাহাড়ের এই সরল রান্নাই জায়গা করে নিয়েছে রাষ্ট্রপতি ভবনের রাজকীয় মেনুতেও।

‘স্পিরিট’-এ প্রভাসের ১৬০ কোটি! নায়িকাদের পারিশ্রমিকের ফারাক ঘিরে নতুন চর্চা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *