‘রামায়ণ’-এর ঝলকে মুগ্ধ আলিয়া
নীতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এর প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। ৩০ জুলাই মুক্তি পাওয়া এই প্রোমো দর্শকদের মধ্যে নানা প্রতিক্রিয়ার জন্ম দিলেও বলিউডের একাধিক তারকা ছবিটির প্রশংসা করেছেন। বিশেষ করে রাবণের চরিত্রে যশ এবং রামের ভূমিকায় রণবীর কপূরের উপস্থিতি নজর কেড়েছে। এবার সেই তালিকায় নাম লেখালেন আলিয়া ভট্টও।
স্বামী রণবীর কপূরের নতুন লুক ও ছবির প্রথম ঝলক দেখে নিজের উচ্ছ্বাস সমাজমাধ্যমেই প্রকাশ করেছেন আলিয়া। ইনস্টাগ্রাম স্টোরিতে ‘রামায়ণ’-এর টিজার শেয়ার করে তিনি দীর্ঘ বার্তা না লিখলেও কয়েকটি ঝলমলে ইমোজির সঙ্গে শুধু লিখেছেন, ‘দীপাবলি ২০২৬’। তাঁর এই সংক্ষিপ্ত প্রতিক্রিয়াই অনুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এটি অবশ্য প্রথমবার নয়, যখন রণবীরের এই ছবি নিয়ে প্রশংসা করেছেন আলিয়া। চলতি বছরের এপ্রিল মাসে রামের বেশে রণবীরের প্রথম ঝলক প্রকাশ্যে আসার পরও তিনি ছবিটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। অনুরাগীদের সঙ্গে এক ভার্চুয়াল আলাপচারিতায় আলিয়া বলেছিলেন, ছবিটি অসাধারণ হয়েছে এবং রণবীর নিজের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। সেই সময় থেকেই ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছিলেন তিনি।
দুই পর্বে নির্মিত হচ্ছে ‘রামায়ণ’। সদ্য প্রকাশিত ঝলকে প্রথমেই দেখা যায় যশকে রাবণের শক্তিশালী ও ভয়ংকর রূপে। এরপর ধীরে ধীরে উঠে আসে রামের অবতার, বনবাসযাত্রা এবং মহাকাব্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের আভাস। রামের চরিত্রে রণবীর কপূরের পাশাপাশি সীতার ভূমিকায় অভিনয় করেছেন সাই পল্লবী। লক্ষ্মণের চরিত্রে রয়েছেন রবি দুবে, রাজা দশরথের ভূমিকায় দেখা যাবে অরুণ গোবিলকে এবং শূর্পণখার চরিত্রে অভিনয় করেছেন রকুল প্রীত সিংহ।
বৃহৎ বাজেটের এই পৌরাণিক ছবিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা ইতিমধ্যেই তুঙ্গে। প্রথম ঝলক প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ছবির ভিএফএক্স, চরিত্র নির্বাচন এবং নির্মাণশৈলী নিয়ে বিস্তর আলোচনা চলছে। নির্মাতাদের আশা, ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বৃহৎ প্রজেক্ট হিসেবে ‘রামায়ণ’ মুক্তির পর নতুন নজির গড়বে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?