মেধাকে সময়ের মজার বার্তা, হাসতে হাসতেই জবাব অভিনেত্রীর!
সময় রায়না ও মেধা শঙ্করের সম্পর্ক নিয়ে বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছে। এ বার সেই জল্পনাই পৌঁছে গেল বিয়ের গুঞ্জনে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছিল, চলতি বছরের ডিসেম্বরেই নাকি বিয়ের পরিকল্পনা করেছেন সময় ও মেধা। তবে সেই খবরকে গুরুত্ব দেওয়ার বদলে মজার ছলেই জবাব দিলেন দু’জন।
সম্প্রতি এক বেনামি সমাজমাধ্যম পোস্ট থেকেই এই গুঞ্জনের সূত্রপাত। সেখানে দাবি করা হয়, ডিসেম্বরেই বিয়ে করতে পারেন সময় ও ‘টুয়েলভ্থ ফেল’-খ্যাত অভিনেত্রী মেধা। এমনকি দু’জনে নাকি একসঙ্গে ঘুরতেও গিয়েছেন বলে দাবি করা হয়েছিল। যদিও পোস্টটির দাবির পক্ষে কোনও প্রমাণ দেওয়া হয়নি। সময় বা মেধা—কেউই প্রকাশ্যে তাঁদের সম্পর্কের কথা ঘোষণা করেননি।
রবিবার সেই পোস্টটি নিজের সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নেন সময়। পোস্টে প্রশ্ন করা হয়েছিল, “ডিসেম্বরে মেধা শঙ্করকে বিয়ে করতে চলেছেন সময় রায়না?” বিষয়টিকে আরও মজার করে তুলতে তার সঙ্গে ‘ঝূট বোলে কউয়া কাটে’ গানটি জুড়ে দেন সময়।
এর পরেই আসে তাঁর আসল জবাব। মেধাকে উদ্দেশ করে সময় লেখেন, “ডিসেম্বরে তো আমার ভারত সফর রয়েছে।” তার পরই রসিকতার সুরে যোগ করেন, “দুঃখিত, বিয়েটা পিছিয়ে দিতে হবে।” অর্থাৎ বিয়ের গুঞ্জনকে তিনি যে আপাতত নিছক মজা হিসাবেই দেখছেন, তাঁর পোস্টে সেই ইঙ্গিতই পাওয়া যায়।
সময়ের পোস্টটি মেধাও নিজের সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নেন। সঙ্গে দেন বেশ কয়েকটি হাসির ইমোজি। অন্য একটি পোস্টে অভিনেত্রী সরাসরি জানান, তাঁদের বিয়ের যে খবর ছড়িয়েছে, তা ভিত্তিহীন।
তবে সময় ও মেধাকে ঘিরে জল্পনা একেবারে নতুন নয়। সম্প্রতি সময়ের অনুষ্ঠান ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এর দ্বিতীয় সিজ়নের একটি পর্বে দেখা গিয়েছিল মেধাকে। বরুণ ধবন ও শেরন বর্মার সঙ্গে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সেই পর্বের পর থেকেই দু’জনের সম্পর্ক নিয়ে সমাজমাধ্যমে আলোচনা আরও বেড়েছিল।
এর মধ্যেই বিয়ের খবর ছড়িয়ে পড়ায় নতুন করে কৌতূহল তৈরি হয়। কিন্তু দু’জনের সাম্প্রতিক প্রতিক্রিয়া বলছে, ডিসেম্বরের বিয়ের দাবি তাঁরা আপাতত হাসির ছলেই উড়িয়ে দিয়েছেন। ভবিষ্যতে তাঁদের সম্পর্ক নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসে কি না, সেটাই এখন দেখার।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।