‘যন্তর মন্তর ২.০’!
মুম্বইয়ের শিবাজি পার্কের বিক্ষোভের পর এ বার দিল্লিমুখী হওয়ার ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর যন্তর মন্তরে ফের বিক্ষোভের ডাক দিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। জ্ঞানেশ পদত্যাগ না করলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকেরা দিল্লিতে গিয়ে কর্মসূচিতে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার গান্ধীজয়ন্তীতে মুম্বইয়ের শিবাজি পার্কে জ্ঞানেশের পদত্যাগ-সহ একাধিক দাবিতে বিক্ষোভ করে সিজেপি। আয়োজকদের দাবি, সেখানে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছিলেন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-কে ঘিরে অনিয়ম এবং ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে সরব হন বিক্ষোভকারীরা। সেই কর্মসূচির পরেই দিল্লিতে নতুন আন্দোলনের ঘোষণা করেন দীপকে।
সমাজমাধ্যমে দীপকে জানান, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দেশের বিভিন্ন প্রান্তের ‘ককরোচ’রা দিল্লির দিকে মিছিল করবেন এবং ১০ অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভ দেখাবেন। দিল্লি পুলিশ পথে বাধা দিলে যেখানে তাঁদের আটকানো হবে, সেখানেই বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথাও বলেছেন তিনি। তাঁর দাবি, কর্মসূচি শান্তিপূর্ণ হবে এবং মহাত্মা গান্ধীর দেখানো পথেই আন্দোলন করা হবে।
জ্ঞানেশের পদত্যাগের দাবি অবশ্য নতুন নয়। এর আগে এসআইআর এবং ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে দিল্লিতেও আন্দোলন করেছে সিজেপি। সংগঠনের অভিযোগ, এসআইআরের মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। এই অভিযোগ অবশ্য নির্বাচন কমিশন অস্বীকার করেছে।
জ্ঞানেশের বিরুদ্ধে ওঠা অভিযোগের মধ্যে নির্বাচন কমিশনের অন্দরমহলের মতপার্থক্যের প্রসঙ্গও রয়েছে। একটি সংবাদমাধ্যমের তদন্তমূলক প্রতিবেদনের ভিত্তিতে বিরোধীরা দাবি করেছে, এসআইআর চলাকালীন জ্ঞানেশ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এবং বাকি দুই নির্বাচন কমিশনারের আপত্তি উপেক্ষা করা হয়েছে। নির্বাচন কমিশন সেই অভিযোগ মানেনি।
এই আবহেই জ্ঞানেশের পদত্যাগের দাবিতে বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যেও আলোচনা চলছে। তার মধ্যেই মুম্বইয়ের পর দিল্লিতে ফের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল সিজেপি। ১০ অক্টোবর যন্তর মন্তরের কর্মসূচিতে কত মানুষ যোগ দেন এবং প্রশাসনের অবস্থান কী হয়, এখন সে দিকেই নজর।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।