মেটাকে কড়া বার্তা কেন্দ্রের!
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনা ঘিরে বিতর্কের মধ্যেই ফের কেন্দ্রের নজরে এসেছে মেটা। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দু ছিল শিশু নিরাপত্তা, ডিপফেক এবং শিশু যৌন নির্যাতনমূলক (CSAM) কনটেন্ট নিয়ন্ত্রণ। সরকারি সূত্র অনুযায়ী, এই ইস্যুতেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকে পরিচালনাগত ত্রুটির কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন মেটার সিইও মার্ক জ়ুকেরবার্গ।
ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে মেটার প্রতিনিধিদের বৈঠকে সরকার স্পষ্ট জানিয়ে দেয়, ফেসবুক, ইনস্টাগ্রাম-সহ মেটার সব প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিশু যৌন নির্যাতনমূলক কনটেন্ট বা এ ধরনের বিজ্ঞাপন থেকে কোনওভাবেই আর্থিক লাভ করা যাবে না। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আইনি দায় এড়াতে ‘সেফ হারবার’ সুরক্ষার উপর নির্ভর করা যাবে না বলেও কড়া বার্তা দেওয়া হয়েছে।
সরকারি সূত্রের দাবি, বৈঠকে মেটা স্বীকার করেছে যে কনটেন্ট মডারেশন ব্যবস্থায় কিছু পরিচালনাগত ঘাটতি ছিল। বিশেষ করে CSAM এবং ডিপফেক কনটেন্ট নিয়ন্ত্রণে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সংস্থা। ভারতীয় আইন মেনে কনটেন্ট পর্যবেক্ষণ ও নীতিমালা আরও শক্তিশালী করার প্রতিশ্রুতিও দিয়েছে তারা।
তবে বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়নি বলেই সরকারি সূত্রের দাবি। আলোচনার মূল কেন্দ্র ছিল শিশু সুরক্ষা, ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণ এবং প্ল্যাটফর্মের জবাবদিহি।
উল্লেখ্য, কয়েক দিন আগে প্রধানমন্ত্রী মোদীর একটি ভিডিও ভুলবশত ফেসবুক থেকে সরিয়ে ফেলা হয়েছিল। পরে সেটি পুনরায় প্রকাশ করে মেটা জানায়, এটি ছিল একটি প্রযুক্তিগত ভুল। যদিও সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি কেন্দ্র। সরকার স্পষ্ট জানিয়ে দেয়, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে তথ্যপ্রযুক্তি আইনের ৭৯ ধারার অধীনে পাওয়া ‘সেফ হারবার’ সুরক্ষা পুনর্বিবেচনা করা হতে পারে। এই আইনি সুরক্ষার ফলে সাধারণত তৃতীয় পক্ষের পোস্টের জন্য সামাজিক মাধ্যম সংস্থাগুলিকে সরাসরি দায়ী করা হয় না।
সরকার ও মেটার মধ্যে আরও এক দফা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে শিশু সুরক্ষা, ডিপফেক নিয়ন্ত্রণ এবং কনটেন্ট মডারেশন আরও শক্তিশালী করার রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?