মাঠে নয়, মানবিকতায়ও নজির রোনাল্ডোর!!
বিশ্বকাপে এখনও নিজের সেরা ছন্দে দেখা না গেলেও, মাঠের বাইরের কর্মকাণ্ডে বারবার হৃদয় জিতে নিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জয়ের পর যেমন প্রাক্তন সতীর্থ লুকা মদ্রিচকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছিলেন, তেমনই প্রয়াত সতীর্থ দিয়েগো জোটাকে স্মরণ করে আবেগঘন মুহূর্তের জন্ম দিয়েছিলেন। এ বার মানবিকতার আরও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পর্তুগালের অধিনায়ক।
ভেনেজ়ুয়েলার ভয়াবহ ভূমিকম্পে পরিবার হারানো এক তরুণ ভক্ত আন্দ্রেস মিয়েলসের জন্য বিশেষ ভিডিও বার্তা পাঠিয়েছেন রোনাল্ডো। শুধু তাই নয়, নিজের সই করা পর্তুগাল জাতীয় দলের জার্সিও উপহার দিয়েছেন তিনি। পাশাপাশি সুস্থ হয়ে উঠলে নিজের ম্যাচে আমন্ত্রণ জানিয়ে সরাসরি দেখা করার আশ্বাসও দিয়েছেন।
ভূমিকম্পে আন্দ্রেসের পরিবারের প্রায় সবাই প্রাণ হারান। তিনি নিজে অলৌকিকভাবে বেঁচে গেলেও গুরুতর চোটের কারণে একটি পা কেটে বাদ দিতে হয়। এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সমাজমাধ্যমে আন্দ্রেসের এই মর্মান্তিক কাহিনি জানতে পেরেই এগিয়ে আসেন রোনাল্ডো।
ভিডিও বার্তায় পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা বলেন, “হ্যালো আন্দ্রেস, কেমন আছ? তোমার জন্য অনেক ভালোবাসা রইল। জানি তুমি আমার বড় ভক্ত। দ্রুত সুস্থ হয়ে ওঠো। তারপর তোমাকে আমার একটি ম্যাচ দেখতে আমন্ত্রণ জানাব। সামনে থেকে খেলা উপভোগ করবে, আর তোমার সঙ্গে ব্যক্তিগতভাবেও দেখা করতে চাই। ভালোবাসা নিও, বন্ধু।”
রোনাল্ডোর এই বার্তা প্রকাশ্যে আসতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। তাঁর এই উদ্যোগের প্রশংসা করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীরা। অনেকেই মনে করছেন, মাঠের সাফল্যের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতাই রোনাল্ডোকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি, ভিডিও বার্তার পাশাপাশি নিজের স্বাক্ষর করা জাতীয় দলের একটি জার্সিও আন্দ্রেসের কাছে পাঠিয়েছেন রোনাল্ডো। কঠিন সময়ের মধ্যে থাকা এক ভক্তের মুখে হাসি ফোটাতেই এই বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি।
বিশ্বকাপেও মাঠের বাইরের এমন একাধিক ঘটনায় নজর কেড়েছেন রোনাল্ডো। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে রাউন্ড অফ ৩২-এর ম্যাচ শেষে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া লুকা মদ্রিচকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন তিনি। আবার জয়ের পর প্রয়াত জাতীয় দলের সতীর্থ দিয়েগো জোটার স্মৃতিও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। জোটার ২১ নম্বর জার্সি পরে মাঠে নামা থেকে শুরু করে তাঁর উদ্দেশে জয় উৎসর্গ— সব মিলিয়ে আবেগঘন বার্তা দেন পর্তুগাল অধিনায়ক।
এ বার সেই মানবিকতার ধারাবাহিকতায় ভূমিকম্পে সর্বস্ব হারানো এক তরুণ ভক্তের পাশে দাঁড়িয়ে আবারও প্রমাণ করলেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শুধু একজন কিংবদন্তি ফুটবলার নন, লক্ষ লক্ষ মানুষের কাছে অনুপ্রেরণারও নাম।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?