মটন-কাতলা-ইলিশে সেরা জামাইষষ্ঠী!
বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী মানেই এক বিশেষ আবেগ, এক অন্যরকম উত্তেজনা। সেই আবেগই এখন রাজত্ব করছে টেলিভিশনের জনপ্রিয় জুটি শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাসের জীবনে। গত জানুয়ারিতে চার হাত এক করার পর এটাই তাঁদের প্রথম জামাইষষ্ঠী। আর এই বিশেষ দিনকে ঘিরে শ্বেতার বাড়িতে চলছে পূর্ণ প্রস্তুতি ও আনন্দের উৎসব।
শ্বেতা ও রুবেল দু’জনেই ছোট পর্দার ব্যস্ত মুখ। শ্বেতা জানালেন, শনিবার রাতভর তাঁকে শুটিং করতে হয়েছে, ফলে বাড়িতে বিশেষ আয়োজনের সময় করে উঠতে পারেননি। তবে নতুন জামাই রুবেলের আপ্যায়নে কোনও খামতি রাখছেন না শ্বেতার মা।
পাতে রাজকীয় আয়োজন
রবিবার দুপুরে রুবেলের জন্য সাজিয়ে দেওয়া হচ্ছে বাঙালি ঘরানার এক পঞ্চব্যঞ্জন ভোজ। পাতে থাকছে—
- ভাত, শুক্তো
- মাছের মাথা দিয়ে ডাল
- পাঁচ রকমের ভাজা
- মোচা চিংড়ি
- দই কাতলা
- বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল
- মটন কষা
এই লোভনীয় পদগুলোর মাঝে মিষ্টির দিকেও রয়েছে বিশেষ নজর। শেষ পাতে থাকছে তিন রকমের মিষ্টি, চাটনি, পাঁপড় এবং আইসক্রিম। শ্বেতার মা স্পষ্ট জানিয়েছেন, “আজ ডায়েট নয়, আজ শুধু জামাই আদর।”
স্বাস্থ্যও চিন্তার বিষয়
এই আয়োজনের মাঝেও রয়েছে একটুখানি উদ্বেগ। শ্বেতা জানান, তাঁর মা কয়েক দিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন— সুগারের কারণে রেটিনায় জল জমেছে, যার জন্য বুধবার অস্ত্রোপচারের দিন ধার্য হয়েছে। শ্বেতা বলেন, “মা শারীরিকভাবে ভালো নেই, তবুও প্রথম জামাইষষ্ঠী বলে কোনও কমতি রাখেননি। আমি চাই, মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।”
উপহার বিনিময়ে ভালোবাসা
এই দিনে শুধু খাওয়াদাওয়া নয়, উপহার বিনিময়ের মধ্যেও রয়েছে এক টুকরো ভালবাসার ছোঁয়া। রুবেল শুটিংয়ের ফাঁকে সময় বের করে শাশুড়ির জন্য কিনে এনেছেন একটি সুন্দর সালোয়ার-কামিজ সেট। অন্যদিকে শ্বেতার মা জামাইয়ের জন্য তুলে রেখেছেন কয়েকটি নতুন শার্ট ও টি-শার্ট। শ্বেতা জানান, “এই প্রথম আমাদের দুই পরিবার একসঙ্গে এই উৎসবে অংশ নিচ্ছে। তাই সবার জন্যই থাকছে আলাদা আমন্ত্রণ ও আপ্যায়ন।”
এক বছরের পুরনো সম্পর্ক, নতুন রঙে উদ্যাপন
শ্বেতা ও রুবেলের সম্পর্ক নতুন নয়, তবে এখন তা পেয়েছে সামাজিক স্বীকৃতি। গত জামাইষষ্ঠীতেও শ্বেতার মা রুবেলকে বাড়িতে ডেকে আপ্যায়ন করেছিলেন, যদিও তখন বিয়ের কথা প্রকাশ্যে আসেনি। এবার সেই সম্পর্ক আরও দৃঢ় হয়েছে, ভালোবাসা পেয়েছে নতুন রূপ।
‘লুক’ ফিরল, জয়ের ইঙ্গিত? হার্দিক পাণ্ড্যের রূপ বদল ঘিরে জল্পনা তুঙ্গে